আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা, অবশেষে মৃত্যু
স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকারী সেই গৃহবধূ সীমা বেগম (২৬) অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গত মঙ্গলবার মারা গেছেন।স্থানীয় বাসিন্দা ও সীমার পারিবারিক সূত্রে জানা গেছে, ছয়-সাত বছর আগে বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামের এ কে এম গিয়াস উদ্দিন খানের মেয়ে সীমা বেগমের একই উপজেলার উত্তর সরিকল গ্রামের মৃত শামছুল হক বিশ্বাসের ছেলে কিসলু বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়। সীমা বেগমের ভাই মো. বিপ্লব খান বলেন, ‘মা-বাবার মৃত্যুর পর আমিই বোনকে বিয়ে দিই। কিছু দিন যাবৎ কিসলু ব্যবসা করার নামে সীমার কাছে এক লাখ টাকা দাবি করে আসছিলেন। এ টাকা দেওয়া সম্ভব নয় বলে সীমা তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে জানিয়ে দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ শুরু হয় এবং কথায় কথায় সীমার ওপর নির্যাতন চলে। ১২ এপ্রিল রাতে সীমাকে মারধর করে ছেলে সামিকে রেখে কিসলু স্ত্রীকে তাড়িয়ে দেন। সীমা সরিকল গ্রামে এক আত্মীয়ের বাড়ি আশ্রয় নেন। ১৪ এপ্রিল সকালে ছেলেকে আনতে গেলে কিসলু আবার তাঁকে মারধর করেন। এ কারণে সীমা ক্ষোভে ওই দিন সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির পাশের বাগানে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।আগুন দেখে জমিতে কর্মরত শ্রমিকেরা এগিয়ে আসেন এবং আগুন নিভিয়ে সীমাকে মুমূর্ষু অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটায় সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই দিন রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার রাত ১১টায় তিনি মারা যান।কিসলু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তাঁর চাচা শহিদুল ইসলাম বলেন, তাঁদের দাম্পত্যকলহের বিষয় নিয়ে একাধিকবার মীমাংসা-বৈঠক হয়েছিল।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ ঘটনায় সরিকল পুলিশি তদন্তকেন্দ্রে ইতিমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মামলা দায়েরের পর আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক।