আগুন লেগেছিল শর্ট সার্কিট থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’ থেকে ২১ আগস্ট পান্থপথের বসুন্ধরা সিটিতে আগুন লেগেছিল বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে কমিটি। এদিকে বসুন্ধরা সিটি শপিং মলটি আজ বুধবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার কথা আছে বলে মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে।
২১ অগাস্ট বসুন্ধরা সিটির ছয়তলার সি ব্লকে একটি জুতার দোকান থেকে আগুন লাগে। আগুনে ভবনটির প্রায় ১০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়। দোকানমালিকদের দেওয়া তথ্যমতে, এই ভবনে প্রায় ২ হাজার ৮০০ দোকান রয়েছে।
দুই দিনের চেষ্টায় আগুন পুরোপুরি নেভানোর পর ২৩ আগস্ট ভবনটি কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয় ফায়ার সার্ভিস। তার আগে অগ্নিকাণ্ডের কারণ জানতে ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে গঠন করা হয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি।
তদন্ত কমিটির প্রধান ফায়ার সার্ভিসের উপপরিচালক অজিত কুমার ভৌমিক বলেন, তদন্ত এখনো শেষ হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্ত কমিটি শপিং মলের দোকানমালিক, অগ্নিনির্বাপণ কর্মী ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সি ব্লকের ৬০ নম্বর জুতার দোকানের সিলিং থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে তদন্ত কমিটি জানতে পেরেছে। সিলিংয়ের ওপরে বৈদ্যুতিক তার ছিল। তারগুলো আলাদা কোনো ট্রের ওপরে ছিল না। তাই আগুন দ্রুত ছড়িয়ে যায়।
অজিত কুমার বলেন, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থার কারণে ধোঁয়া ছড়িয়ে যায়। আর আগুন লাগার সঙ্গে সঙ্গে দোকানদারেরা দোকান বন্ধ করে যাওয়ায় আগুনের ব্যাপ্তি বেড়ে যায়। শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে বলে তিনি জানান।
এদিকে ১০ দিন বন্ধ থাকার পর আজ (বুধবার) সর্বসাধারণের জন্য বসুন্ধরা সিটি শপিং মলটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বসুন্ধরা দোকানমালিক সমিতির সভাপতি এম এম হান্নান আজাদ। তিনি বলেন, যাঁদের দোকান পুড়েছে তাঁদের ক্ষতি হয়েছেই। কিন্তু ১০ দিন মার্কেট বন্ধ ছিল, তাতে সবারই ক্ষতি হয়েছে। আজ থেকে ক্রেতাসাধারণের জন্য শপিং মলটি খুলে দেওয়ার কথা আছে বলে তিনি জানান।