আগুনে আট দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার শেখের চর বাবুরহাট বাজারে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো ঐশী থ্রিপিস, রাখি থ্রিপিস, সানি শুভ ওড়না হাউস, মেসার্স শাহিনুর গার্মেন্টস অ্যান্ড মশারি, মেসার্স মমতাজ মশারি স্টোর, সানি গার্মেন্টস মশারি, খালেক স্টোর ও বিসমিল্লাহ ওড়না।
শীলমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও শেখের চর বাবুরহাট বাজারের ইজারাদার আবদুল বাকির ভাষ্য, ভোর পাঁচটার দিকে বাজারের আটটি দোকানে আগুন লেগেছে—এমন খবর জানিয়ে পাঁচটা ২০ মিনিটে স্থানীয় এক ব্যবসায়ী তাঁকে মুঠোফোনে খবর দেন। তিনি মাধবদী ফায়ার সার্ভিসকে খবর দেন।
আবদুল বাকিরের দাবি, আগুন লাগার ঘটনায় এসব দোকানের অন্তত দু্ই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) মো. হীরণ জানান, খবর পেয়ে পাঁচটা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে এ আগুন লেগেছে।
ফায়ার স্টেশন ইনচার্জের অভিযোগ, বাজারের গলিগুলো অপ্রশস্ত হওয়ায় এবং পর্যাপ্ত পানির মজুত না থাকায় আগুন নেভাতে বেশি সময় লেগেছে।
আগুনে পুড়ে যাওয়া রাখি থ্রিপিসের ব্যবস্থাপক রঞ্জিত দাশের ভাষ্য, তাঁদের দোকানে শীতের চাদর, থ্রিপিস, ওড়না ছিল। তাঁর দাবি, আগুনে তাঁদের দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।