আগুনে আট দোকানসহ ৩৪ বাড়িঘর পুড়ে ছাই
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পুরান মারিশ্যায় আটটি দোকানসহ ৩৪টি বাড়িঘর পুড়ে গেছে। গত শুক্রবার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।প্রশাসন সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে খাওয়া-ধাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়ছিলেন। পাশের মো. শহর আলীর দোকানে বিকট শব্দ হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় আটটি দোকানঘরসহ ৩৪টি বাড়িঘর পুড়ে যায়। এ ছাড়া একটি সিএনজি, একটি মোটরসাইকেল ও আটটি ছাগল পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানা গেছে।ঘটনার শুরু থেকে উদ্ধারকাজে এলাকাবাসীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) মারিশ্যার জোনের মেজর নুজরুল ইসলামের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সদস্য যোগ দেন। এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রেহান উদ্দিন ও পৌর মেয়র মো. আলমগীর করিব। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত লোকজন খোলা আকাশের নিচে বাস করছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ২১ পরিবারকে দুই হাজার টাকা করে বিতরণ করেন। এ ছাড়া বিএনপির পক্ষে ত্রাণ হিসেবে ১৯ পরিবারকে এক বস্তা করে চাল বিতরণ করেন বলে জানান বিএনপির পৌর শ্রমিক দলের সভাপতি মো. বেলাল হোসেন।ক্ষতিগ্রস্ত নূর নাহার বেগম বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। আমি সব হারিয়েছি। আমার তিন ছেলের কাপড়চোপড় সব পুড়ে গেছে।এলাকাবাসী মো. নুরুল ইসলাম বলেন, এই রোজার সময় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মানবেতর জীবনযাপন করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ রেহান উদ্দিন বলেন, আগুনে দোকানসহ ৩৪টি বাড়িঘর পুড়ে গেছে।