আগুনে একই পরিবারের চারজনের মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গত বুধবার দিবাগত রাতে বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের চারজন মারা গেছেন। এঁরা হলেন, গৃহকর্তা আবদুর রহিম (৪৩), স্ত্রী নাছিমা আক্তার (৩০), মেয়ে সুমি আক্তার (১২) ও রেশমী আক্তার (৬)।
আধুনগর ইউনিয়নের সিপাহীপাড়ায় বাঁশের বেড়া ও টিনের চালের ওই বাড়িতে অগ্নিকাণ্ডের সময় আবদুর রহিম-নাছিমা দম্পতির দুই ছেলে ইমরান (১৪) ও আরমান (১০) না থাকায় তারা প্রাণে বেঁচে গেছে। তারা নানার বাড়িতে ছিল।
মো. হোছাইন, আবদুল জব্বারসহ কয়েকজন প্রতিবেশী জানান, আবদুর রহিম পেশায় কাঠমিস্ত্রি। মেয়ে সুমী আক্তার সপ্তম ও রেশমী আক্তার তৃতীয় শ্রেণীতে পড়ত। রহিম বাড়িতেই কাঠের কাজ করতেন। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাড়িটিতে আগুন লাগে। এ সময় বাড়ির সদস্যরা ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানো শুরু করেন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রতিবেশীরা আরও জানান, আগুন নেভানোর পর বাড়িতে ঢুকে আবদুর রহিম, তাঁর স্ত্রী ও দুই শিশু মেয়ের সম্পূর্ণ পুড়ে যাওয়া লাশ পাওয়া যায়।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঘটনাটি বোঝা যাবে।’
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনূর রহমান বলেন, নিহত ব্যক্তিদের দাফন-কাফনে তাঁদের স্বজনের কাছে প্রশাসনের তরফে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। পরিবারটির জীবিত দুই শিশুকেও পরবর্তী সময়ে সহায়তা দেওয়া হবে।
এদিকে শিশু দুই ভাইয়ের কান্নায় ভারী হয়ে উঠেছে সিপাহীপাড়া গ্রামের পরিবেশ। অবুঝ শিশু দুটির কান্না কিছুতেই থামছে না। ‘আমার বাবা-মা কোথায়? এনে দাও আমার বাবা-মাকে।’ তাদের এসব আকুতি মেটানোর সাধ্য যে কারও নেই, তা বুঝতেই চাচ্ছে না তারা।