সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাস পুরোনো ঐতিহ্যেই পুনর্নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। আগামী ৫ ডিসেম্বর এর পুনর্নির্মাণকাজ শুরু হবে। এমসি কলেজ একাডেমি কাউন্সিলের বৈঠকে গতকাল সোমবার পুনর্নির্মাণকাজ শুরুর দিনক্ষণ নির্ধারিত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাত্রাবাস পুনর্নির্মাণকাজের উদ্বোধন করবেন। বৈঠক শেষে কলেজের অধ্যক্ষ এ বিষয়টি নিশ্চিত করেন। এমসি কলেজে গত ৮ জুলাই ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসের ৪২ কক্ষ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ছাত্রাবাসের ওই সব কক্ষ থেকে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিতাড়িত করতে ছাত্রলীগ আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠলে সিলেট জেলা প্রশাসন, মহানগর পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ তিনটি তদন্ত কমিটি গঠন করে। গত ২৯ আগস্ট কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটি অগ্নিসংযোগের জন্য বিক্ষোভকারী ছাত্রলীগের বহিরাগতদের দায়ী করে তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রায় শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাস ‘সেমি পাকা আসাম’ টাইপে নির্মিত ছিল। অগ্নিকাণ্ডে পুরোনো সেই ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের পক্ষ থেকে দাবি ওঠে পুরোনো ঐতিহ্য ধরে রাখতে অবিকল কাঠামোতে ক্ষতিগ্রস্ত ছাত্রাবাস পুনর্নির্মাণের।শিক্ষামন্ত্রী গতকাল প্রথম আলোকে বলেন, এমসি কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, সিলেটের সব সুধী ও বিজ্ঞজন তথা সিলেটবাসীর অনুভূতি এবং দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহ্যবাহী ছাত্রাবাস সেই একই আদলে পুনর্নির্মাণ করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী সরাসরি কাজ তদারক করবেন। পুনর্নির্মাণকাজ শুরুর আনুষ্ঠানিকতা সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘পুনর্নির্মাণকাজ শুরুর দিন সিলেট-১ আসনের সাংসদ হিসেবে অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। অর্থমন্ত্রী আমার আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। আমি আশা করি, ঐতিহ্যবাহী ছাত্রাবাসকে আগের অবস্থায় নিয়ে যেতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দলমত-নির্বিশেষে সমগ্র সিলেটবাসীর সহযোগিতা পাব।’