আগুনে ঘর পুড়ে ভবিষ্যৎ অনিশ্চত হয়ে গেল কলেজছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি পরিবারের ১৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। সেই সঙ্গে কলেজছাত্রী ফাতেমা আজাদির বইখাতা, সনদ পুড়ে যাওয়ায় ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ফাতেমার বাবা দিনমজুর ইলিয়াছ আলী।
সম্প্রতি রান্নাঘরের চুলার আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে উপজেলার শ্বাসকান্দর মাঝাপাড়া এলাকার পাঁচটি পরিবারের ১৫টি ঘর, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছু পুড়ে যায়।
ফাতেমার বাবা ইলিয়াছ আলী জানান, ‘অগ্নিকাণ্ডে আমার সবকিছু শেষ হয়ে গেছে। দিনমজুরি করে মেয়েকে লেখাপড়া করাচ্ছিলাম। তার ভবিষ্যৎ কী হবে বুঝতে পারছি না।’ মেয়েকে নতুন করে বইপত্র কিনে দেওয়ার সামর্থ্য তাঁর নেই। আর পুড়ে যাওয়া কাগজপত্র কীভাবে, কোথায় পাওয়া যাবে তাও জানেন না তিনি।
সৈয়দপুর কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী ফাতেমা বলেন, ‘আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে।’