আগুনে ঘরহারা, অন্যের বাড়িতে পাঁচ মাস
‘সেয়ানা (প্রাপ্তবয়স্ক) মাইয়াডায় মানের (অন্য মানুষের) ঘরে ঘুমায়। মুই আর মাইয়াডার বাপেও থাহি (থাকি) মানের ঘরে। ঘর পোড়ার পর চাইর মাস ধইরা এই অবস্থায় আছি। আর কত দিন মানে মোগো জ্বালা সইবে। কত জায়গায় ঘোরলাম। এক ট্যাহাও সাহায্য পাইলাম না।’কথাগুলো বলছিলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কালিকাবাড়ি গ্রামের গৃহবধূ সালেহা বেগম। চলতি বছরের ১৫ জানুয়ারি রাতে তাঁর বসতঘর আগুনে পুড়ে যায়। সে ঘর আজও নির্মাণ করা হয়নি। স্বামী বৃদ্ধ ফুল মিয়া হাওলাদার দীর্ঘদিন ধরে অসুস্থ। মেয়ে নাজমা আক্তার স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সরেজমিনে গতকাল শুক্রবার সকালে সালেহা বেগমের বাড়ি গিয়ে দেখা গেছে, একটি শূন্য ভিটা পড়ে আছে। পাশে একটি খুপরিঘর তুলে তাতে রান্নার কাজ সারছেন তিনি। বাড়ির এক পাশে পড়ে আছে ভসঞ্চীভূত ঘরের অবশিষ্ট অংশ। খোলা আকাশের নিচে বই পড়ছে নাজমা। সালেহা বেগম গৃহস্থালি কাজে ব্যস্ত। বৃদ্ধ ফুল মিয়া চলাফেরা করতে পারেন না। তাই প্রতিবেশী ফুল মিয়া পেয়াদারের বাড়িতে রেখে এসছেন।সালেহা বেগম জানান, গত ১৫ জানুয়ারি রাত আটটার দিকে ঘরের পাশের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুড়ে যায় ঘরের সব আসবাব। এরপর সালেহার জীবনে শুরু হয় অন্য এক সংগ্রাম। পোড়া ঘর তুলতে সাহায্যের জন্য এলাকার জনপ্রতিনিধির কাছে নিরন্তর ছুটে তিনি এখন ক্লান্ত। তিনি জানান, ফুল মিয়ার প্রথম স্ত্রীর মৃত্যুর পর তাঁকে দ্বিতীয় বিয়ে করেন। প্রথম পক্ষের দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেটি মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ত। সংসারের অভাব-অনটন দেখে সে বাড়ি ছেড়েছে। তাঁর মেয়ে নাজমা প্রতিবেশী মজিবর শরীফের ঘরে রাত যাপন করে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। মজিবর শরীফের স্ত্রী আছিয়া বেগম বলেন, ‘মাইয়াডা (নাজমা) ইশকুলে যায়, পড়ালেহা করে। ভাঙা ঘরে ও ক্যামনে থাকবে, হেইর লইগ্যা মোর ঘরে রাখছি।’ প্রতিবেশী মধ্য আমড়াগাছিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেব প্রসাদ বেপারি জানান, অগ্নিকাণ্ডে পরিবারটি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। চার মাস ধরে অন্যের বাড়িতে রাতযাপনসহ মানবেতর জীবন যাপন করছে।আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান মিয়া জানান, সালেহা বেগম অত্যন্ত দরিদ্র। তাঁর স্বামী ফুল মিয়া বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকায় পুরো পরিবারটি সালেহার কাঁধে। ঘর পোড়ার ঘটনা জানিয়ে ইউএনওর মাধ্যমে পিরোজপুর জেলা প্রশাসকের বরাবরে সাহায্যর আবেদন করা হয়েছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এফ ফরম পূরণ করে তালিকা জেলা প্রশাসকের কার্যালয় পাঠানো হয়। এতে সালেহা বেগমের নাম তালিকাভুক্ত করা হবে।