আগুনে জুড়ীর ৫০ একর জায়গার গাছ পুড়ে ছাই
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় রাঘনা সংরক্ষিত বনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লেগেছে। আগুনে প্রায় ৫০ একর জায়গার বাঁশ ও বিভিন্ন গাছ পুড়ে যায়। তবে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।স্থানীয় লোকজন ও বন বিভাগের রাঘনা বিট কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ফুলতলা ইউনিয়নের রাঘনা সংরক্ষিত বনের ভেতরে আগুন দেখা যায়। দমকা বাতাসে আগুন দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।কুলাউড়া ফায়ার ব্রিগেডের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে একদল দমকল কর্মী বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিট কার্যালয়ে যান। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর মতো যোগাযোগ-ব্যবস্থা না থাকায় তাঁরা সেখানে যেতে পারেননি। এ ছাড়া কাছাকাছি কোনো জলাধারও নেই।জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার জানান, গতকাল শুক্রবার ভোরে পার্শ্ববর্তী ফুলতলা চা-বাগানের দুই-আড়াই শ শ্রমিক নিয়ে তাঁরা ঘটনাস্থলের কাছে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তাঁরা সেখানকার চারপাশে পাহাড়ে ফাঁড়ি কেটে (প্রায় ১০ ফুট জায়গা পরিষ্কার) দেন। বেলা সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে প্রায় ৫০ একর জায়গার বাঁশ ও বিভিন্ন জাতের গাছ পুড়ে গেছে।আবদুস সাত্তার জানান, রাঘনা সংরক্ষিত বনের অদূরে কুলাউড়া রেঞ্জের বেগুনছড়া বাঁশমহালে ইজারাদারদের লোকজন বাঁশ কাটছে। শ্রমিকেরা রাঘনার ভেতর দিয়ে ওই মহালে যাতায়াত করেন। এ ছাড়া কিছু দুর্বৃত্ত বাঁশ কেটে পাচার করে। তাদের কারও ফেলে দেওয়া জ্বলন্ত বিড়ি বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।