আগুনে ঝলসে গেলেন আরেক নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানা এলাকায় গতকাল শুক্রবার রাতে আগুনে ঝলসে গেছেন জাহানারা বেগম (৫০) নামের এক নারী। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত নয়টার দিকে জাহানারা বেগমকে অগ্নিদগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করেন কয়েকজন। আগুনে তাঁর শরীরের ২৭ ভাগ পুড়ে গেছে।
দগ্ধ জাহানারা বেগম পরে সাংবাদিকদের জানান, তিনি জুরাইনের ঢালকানগরের এক বাসায় থাকেন। ফেরি করে কাপড়ের ব্যবসা করেন তিনি। গতকাল তিনি শ্যামপুরের ওয়াসা রোডে মেয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ইজিবাইকে বাসায় ফিরছিলেন। কদমতলী থানার লাল মসজিদসংলগ্ন এলাকায় এলে কয়েকজন ওই ইজিবাইকে পেট্রলবোমা ছোড়ে। অন্য যাত্রীরা তড়িঘড়ি নেমে গেলেও তিনি দগ্ধ হন।
রাত সাড়ে ১০টার দিকে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনা শুনেছি। তবে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া কদমতলী থানার এসআই শহীদুর রহমান বলেন, ‘ওই নারীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, আগুনে ইজিবাইকটিও পুড়ে গেছে।’
তবে গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পোড়া গাড়ির সন্ধান পায়নি পুলিশ।