আগুনে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলায় গতকাল সোমবার সকালে আগুনে চার ও দেড় বছর বয়সের দুই বোনের মৃত্যু হয়েছে। দরিদ্র মা-বাবা শিশুদের রেখে কাজের জন্য বাইরে গেলে রান্নাঘরের চুলা থেকে বাড়িতে আগুন লেগে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
পুলিশ বলেছে, দুই শিশুর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে দাফনের জন্য অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে লামা-চকরিয়া সড়কের ধারে ফাঁসিয়াখালী ইউনিয়নে কুমারী চাককাটাপাড়ায় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ইলিয়াস আলীর বাঁশের বেড়া ও শণের ছাউনির বাড়িতে আগুন ধরে যায়।
ইলিয়াস আলীর প্রতিবেশী হাফেজ নুর মোহাম্মদ বলেন, সকালে ইলিয়াস আলী দিনমজুরির কাজে ও তাঁর স্ত্রী দুই শিশুকে রেখে দূরের ঝিরি থেকে পানি আনতে গিয়েছিলেন। তখন বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় চার বছরের সুমী আক্তার ও দেড় বছরের নায়লা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
কুমারী পুলিশ ফাঁড়ির অধিনায়ক আলমগীর ভূঁইয়া বলেন, ইলিয়াস আলী রাবারবাগানের ভেতরে নির্জন এলাকায় ছোট্ট বাড়িতে বসবাস করতেন। তাঁর বাড়ির আধা কিলোমিটারের মধ্যে আর কোনো লোকবসতি না থাকায় অগ্নিকাণ্ডের সময় দুই শিশুকে উদ্ধার করা যায়নি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান খান বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার ও একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।