আগুনে দুটি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর বাজারে প্রসাধনীর দুটি দোকানঘর মালামালসহ পুড়ে গেছে। গত শনিবার দিবাগত গভীর রাতে ওই অগ্নিকাণ্ড ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬০ লাখ টাকা। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে বকুলের দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কাশেমের দোকানে। স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। দোকানে রাখা নগদ টাকাসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আগুন লাগার সঙ্গে সঙ্গে পুলিশসহ স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক পরে ঘটনাস্থলে পৌঁছালে লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। ওই সময় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন উত্তেজিত লোকজনকে শান্ত হতে বললে লোকজন ওসিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এতে ওসি মাথায় আঘাত পান। তাঁকে প্রথমে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিত্সার জন্য তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধা দেওয়া ও ওসিকে আঘাত করার ঘটনায় রোববার সকালে এসআই জয়নাল বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক প্রাণনাথ সাহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রাত আড়াইটায় খবর পেয়ে আমাদের লোকজন পৌনে তিনটায় ঘটনাস্থলে পৌঁছে।’