আগুনে নিঃস্ব ২৩০ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি কাঁথা দিয়ে বাঁধা পোঁটলা কাঁধে দৌড়াচ্ছিলেন আলেয়া বেগম (৫৫)। কিছু দূর গিয়ে পোঁটলাটা নামিয়ে রেখে কাঁদতে লাগলেন। বললেন, আগুন থেকে যা কিছু রক্ষা করতে পেরেছেন, সবই আছে এই পোঁটলায়। এগুলোই এখন তাঁর সম্পদ। বাকি সব চোখের সামনে আগুনে পুড়ে গেছে।আলেয়া বেগমের মতো এমন অবস্থা হয়েছে প্রায় ২৩০টি পরিবারের। গতকাল বুধবার সকালে রাজধানীর শ্যামলী কাজী অফিস বস্তিতে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে এসব পরিবার। কাজী অফিস-সংলগ্ন খালের ওপর বাঁশ, কাঠ ও ঢেউটিন দিয়ে তৈরি এসব বস্তিঘরে পরিবার নিয়ে থাকত নিম্ন আয়ের মানুষ।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জিয়াউদ্দিন বলেন, সকাল নয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি গাড়ি গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর বেলা সাড়ে ১১টার দিকে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে পুড়ে গেছে ২৩০টি কাঁচা ঘর। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ লাখ টাকা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বস্তির সব কাঁচা ঘরই পুড়ে গেছে। খালে পড়ে রয়েছে পুড়ে যাওয়া ঢেউটিনগুলো। সদ্য নিঃস্ব হয়ে যাওয়া মানুষ কান্নাকাটি করছে।বাটার দোকানে আগুন: গত মঙ্গলবার রাতে ফার্মগেটে বাটা জুতা কোম্পানির একটি তিনতলা দোকান আগুনে পুড়ে গেছে। রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে ফার্মগেটের আনন্দ প্রেক্ষাগৃহসংলগ্ন বাটার দোকানে আগুন লাগে। তৃতীয় তলা থেকে আগুন ছড়ায়। ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি রাতভর চেষ্টা করে গতকাল সকাল সাতটায় আগুন নেভায়। আগুন নেভাতে গিয়ে পাঁচ অগ্নিনির্বাপণ কর্মী আহত হন।