আগুনে পুড়ল আটটি ঘর
চাঁদপুর শহরের কালীবাড়ি কোর্ট স্টেশন-সংলগ্ন গেটম্যানের ঘর থেকে অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ-সংযোগ থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকের এ ঘটনায় গেটম্যানের ঘর ও সাতটি দোকান পুড়ে গেছে।
বিদ্যুতের লাইনম্যান মো. ইকবাল বলেন, পাশের দোকানগুলো গেটম্যানের ঘর থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। ওই সংযোগ থেকে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পুড়িয়ে যাওয়া দোকানগুলো হলো মুনাফের ফলের দোকান, আ. লতিফের ফলের দোকান, সৈয়দ আলী গাজীর পানের দোকান, ছিদ্দিকুর রহমানের বাদাম-বুটের দোকান, নুরে আলমের পুরোনো কাপড়ের দোকান ও ইছহাক মুন্সীর চায়ের দোকান।
প্রত্যক্ষদর্শী হোটেল কর্মী সেলিম বলেন, আগুন দেখে তিনি দোকান ও গেট ঘরের ভেতরে থাকা গেটম্যান রুহুল আমিন, ব্যবসায়ী ছিদ্দিক ও সৈয়দ আলী গাজীকে ঘুম থাকিয়ে তুলে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। এ সময় আগুনে গেট-ঘরসহ আশপাশের সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। প্রথমে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেন।
চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের উপপরিচালক রতন কুমার দত্ত বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় লোকজনের সহযোগিতার কারণে তিনটি লোক প্রাণে বেঁচে গেছেন।