আগুনে পুড়ল ১৯ বাসযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুড়ে যাওয়া মানুষের চিত্কারে গতকাল সন্ধ্যায় বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। একসঙ্গে এত দগ্ধ মানুষকে চিকিত্সা দিতে গিয়ে হিমশিম খান চিকিত্সকেরা। রাত নয়টায় তোলা ছবি ষ প্রথম আলো
পুড়ে যাওয়া মানুষের চিত্কারে গতকাল সন্ধ্যায় বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। একসঙ্গে এত দগ্ধ মানুষকে চিকিত্সা দিতে গিয়ে হিমশিম খান চিকিত্সকেরা। রাত নয়টায় তোলা ছবি ষ প্রথম আলো

একটি যাত্রীভর্তি চলন্ত বাসে নৃশংসভাবে আগুন ছুড়ে পোড়ানো হলো একসঙ্গে ১৯ জন মানুষকে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শিশুপার্কের সামনে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ মোড়ল (২২) নামের এক তরুণ রাত ১১টায় মারা গেছেন।
বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিহঙ্গ পরিবহনের বাসটি পুরান ঢাকার সদরঘাট থেকে মিরপুরে যাচ্ছিল। বাসটি শাহবাগে শিশুপার্কের সামনে পৌঁছলে বাইরে থেকে পেট্রলবোমা ছোড়া হয়। এতে বাসটিতে আগুন ধরে যায়। বিভিন্ন শ্রেণী-পেশার এই মানুষগুলো কেউ দিন শেষে ঘরে ফিরছিলেন, কেউবা কাজে যাচ্ছিলেন।
দগ্ধ ব্যক্তিদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক সামন্ত লাল সেন বলেন, তাঁদের ১০ থেকে ৫৯ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। সবচেয়ে শঙ্কার কথা হচ্ছে, এঁদের বেশির ভাগেরই গলা ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকেরই জীবন সংকটাপন্ন।
বার্ন ইউনিট সূত্র জানায়, দগ্ধ ১৯ জনের মধ্যে মাত্র একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভর্তি ১৮ জন হলেন: চালক মো. মাহাবুব, সহকারী হাফিজুর, ছাত্র অহিদুর রহমান বাবু, পুলিশ কনস্টেবল নুরুন্নবী, রূপালী ব্যাংকের কর্মকর্তা মাসুমা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শফিকুল ইসলাম, ইটিভির মুক্ত খবরের শিশু সাংবাদিক সুস্মিতা সেন, তার মা গীতা সেন, আইনজীবী খোদেজা নাসরীন, কাঁচামাল ব্যবসায়ী আমজাদ, সরকারি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন মৃধা, গাড়িচালক আবদুর রাজ্জাক, আবু তালহা, রাহাদুল, রিয়াদ, রবিন, শামীম ও নাহিদ। তবে নাহিদ রাত ১১টার সময় বার্ন ইউনিটে মারা যান। তাঁর বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার মোড়লকান্দি গ্রামে। বাবার নাম সোহরাওয়ার্দী মোড়ল।

নাহিদের ভাই রাসেল মোড়ল বিলাপ করে প্রথম আলোকে বলেন, নাহিদ সকালে বাবার সঙ্গে পেঁয়াজের খেতে কাজ করে। দুপুরে খাওয়ার পরে জ্যাকেট কেনার জন্য এক হাজার নয় শ টাকা নিয়ে ঢাকায় রওনা হয়। সন্ধ্যার পর নাহিদ ফোন করে জানায়, ‘আমি যে বাসে উঠেছি, তাতে আগুন ধরেছে। আমি মনে হয় আর বাঁচুম না।’ রাসেল জানান, এরপর তাঁরা তৎক্ষণাৎ ঢাকার উদ্দেশে রওনা দেন।

নাহিদ শিবচর উপজেলার কুতুবপুর উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়তেন। তবে পড়াশোনায় কিছুটা অনিয়মিত ছিল বলে তাঁকে মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছিল।

মুখমণ্ডলসহ শরীরের ঊর্ধ্বাংশে দগ্ধ হয়েছেন আবদুর রাজ্জাক। পর্যবেক্ষণ ওয়ার্ডে একজন চিকিৎসকের মাধ্যমে তাঁর সঙ্গে কথা হয়। আবদুর রাজ্জাক বলেন, তিনিও বিহঙ্গ পরিবহনের অন্য বাসের চালক। সদরঘাট থেকে মিরপুরে যাওয়ার জন্য ওই বাসে উঠেছিলেন। বসে ছিলেন সর্বশেষ আসনের দুই সারি আগে, ডান দিকে। বাসটির আসন পূর্ণ ছিল। বেশ কয়েকজন দাঁড়িয়েও ছিলেন। ফাঁকা রাস্তায় অন্য দিনের চেয়ে বেশ দ্রুত গতিতে চলছিল বাসটি। এই পথের প্রতি বাঁক চেনা এই চালক বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের লগে লাগানো ওভারব্রিজ পার হওয়ার পরে রাস্তার ডান দিকে সম্ভবত কেউ পেট্রলবোমাটা ছুড়ে মারল। মুহূর্তেই দাউ দাউ আগুন। আমার শার্টে আগুন লাইগা গেল। আমি শার্ট ছিঁড়া ফালায়া জানালা দিয়া লাফ দিলাম।’

বাসের আরেক যাত্রী মো. মাসুদের সঙ্গে কথা হয় ঘটনাস্থলেই। তিনি বসে ছিলেন বাসের বাঁ পাশে মাঝামাঝি আসনে। তিনিও রাজ্জাকের মতো প্রায় একই বর্ণনা দেন।

শিশু সাংবাদিক সুস্মিতা বলে, বাসের দরজার সামনের আসনে বসে ছিল সুস্মিতা ও তার মা গীতা। শিশুপার্কের কাছাকাছি যাওয়ার পরেই হঠাৎ আগুন। এরপর সে আর কিছু বলতে পারে না। সুস্মিতার দুই হাত আর তার মায়ের দুই হাতসহ শরীরের ঊর্ধ্বাংশের অনেকখানি পুড়ে গেছে। তাঁতীবাজারের বাসা থেকে মায়ের সঙ্গে কর্মস্থল ইটিভিতে যাচ্ছিল সুস্মিতা।

ঘটনার প্রত্যক্ষদর্শী শিশুপার্কের সামনের ভাসমান ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, ‘মনে হয় ডিভাইডারের উপ্রে থিকা বা রাস্তার ওই পার থিকা কেউ বোমাটা মাইরা ভাগছে। ভেতর থিকা লোকজন চিক্কুর পাড়তাছিল। চিক্কুর শুইনা তাকাইয়া দেহি, আগুন জ্বলতে জ্বলতে বাসটা ডিভাইডারের উপ্রে উইঠা গেল। এর মইদ্দেই লুকজন জানলা-দরজা দিয়া সুমানে লাফাইয়া পড়তাছে।’

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি সড়কবাতির খুঁটি, কিছু বিজ্ঞাপনী ছোট বিলবোর্ড আর একটি ছোট গাছ গুঁড়িয়ে বাসটি রাস্তার মাঝের সড়ক বিভাজকের ওপরে উঠে গেছে। তখনো বাসের হেডলাইট আর ভেতরের বাতিগুলো জ্বলছিল। বাসের সামনের কাচ (উইন্ডস্ক্রিন) ভাঙা। বাসের ভেতরের ছাদ কালো হয়ে গেছে। ভেতরের ছাদের অংশে লাগানো কাপড়ের আবরণ পুরোটাই পুড়ে গেছে। চালকের আসনসহ ডান পাশের কয়েকটি আসনের ওপরের অংশ সামান্য পুড়েছে বা কালো হয়ে রয়েছে। বাঁ পাশের আসনগুলো অক্ষতই রয়েছে। ভেতরের মেঝেতে কয়েকটি স্যান্ডেল ও আসনের গদি পড়ে আছে।

ঘটনাস্থলে যাওয়া পুলিশের একজন কর্মকর্তা বাসটি দেখে বলেন, বাসটি যাত্রীভর্তি ছিল। তাই মনে হয় পেট্রলবোমাটি ছুড়ে মারার পরে ভেতরে থাকা লোকজনের গায়ে আর ছাদে পেট্রল ছড়িয়ে আগুন বিস্তার লাভ করে। এ কারণে বেশির ভাগ মানুষের মাথা, মুখমণ্ডল, গলাসহ শরীরের ঊর্ধ্বাংশ পুড়েছে। আর বাসের আসন বা ভেতরের অন্যান্য অংশের তেমন কোনো ক্ষতিই হয়নি। এমনকি ফায়ার সার্ভিস আসার আগেই নিভে গেছে আগুন। ঘটনার পরপরই আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশ সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার আগে প্রথমে একটি সিএনজিচালিত অটোরিকশায় একজন রোগীকে নিয়ে আসেন স্থানীয় লোকজন। দগ্ধ লোকটির চিৎকার আর সিএনজির ভেতরে থাকা অন্য লোকজনের তাড়াহুড়ায় পুলিশ ও সংবাদকর্মীরা ভিড় করেন। সিএনজিচালিত অটোরিকশার চালক জানান, বাসে আগুন দিয়েছে। অনেক লোক দগ্ধ হয়েছেন। দগ্ধ লোকটির তথ্য নিতে না-নিতেই একের পর এক দগ্ধ ব্যক্তি বার্ন ইউনিটের দিকে আসতে শুরু করেন। বার্ন ইউনিটের জরুরি বিভাগে থাকা চিকিৎসক ও কর্মীরাও কিছু সময়ের জন্য অপ্রস্তুত হয়ে পড়েন। আহত ব্যক্তিদের চিৎকার, তাঁদের সাহায্য করতে আসা মানুষগুলোর হাঁকডাক, চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের তৎপরতা—সব মিলিয়ে মুহূর্তের মধ্যে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে ভিড় জমান বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। সাংবাদিকদের কেউ কেউ জরুরি বিভাগের কক্ষে ঢুকে পড়েন। চিকিৎসকেরা কর্তব্যরত আনসারদের সাহায্যে তাঁদের কক্ষ থেকে বের করে দেন। জরুরি বিভাগের চিকিৎসকেরা দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীদের অবস্থা অনুযায়ী নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ হাসপাতালের দোতলা থেকে চারতলার বিভিন্ন ইউনিটে পাঠিয়ে দেন। এ সময় সাংবাদিকেরাও ওপরে উঠতে চাইলে আনসারদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়।

রাত ১১টায় বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, দগ্ধ ব্যক্তিদের নাকে-মুখে অক্সিজেনের নল লাগানো। কর্তব্যরত সহকারী রেজিস্ট্রার হোসাইন মামুন বলেন, তাঁদের প্রায় সবারই শ্বাসনালি পুড়ে গেছে। এই অবস্থায় কেউই আশঙ্কামুক্ত নন।

এর আগে ২০০৪ সালে তৎকালীন শেরাটন হোটেলের (রূপসী বাংলা) উল্টো দিকে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়ে ১১ জনকে পুড়িয়ে মারা হয়। তখন ক্ষমতায় ছিল বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় সরকার। ওই দিন হরতাল ডেকেছিল তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ।

ফখরুলের দাবি— আ.লীগ শাহবাগে বাসে আগুন দিয়েছে:বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ১৮-দলীয় জোটের অবরোধ চলাকালে সারা দেশের সরকারের বিভিন্ন বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এরাই শাহবাগে বাসে আগুন দিয়ে নিরীহ যাত্রীদের আহত করেছে। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

বিএনপির মুখপাত্র অভিযোগ করেন, তাঁদের ন্যায়সংগত শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পুলিশ-র‌্যাব-বিজিবি ও সন্ত্রাসীদের দিয়ে নেতা-কর্মীদের হত্যা করছে। অন্যদিকে নিজেদের এজেন্টদের দিয়ে যানবাহনে নাশকতা চালাচ্ছে। তিনি অবিলম্বে বাসে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ফখরুল দাবি করেন, শাহবাগের এ ঘটনা আওয়ামী লীগ কর্তৃক হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার ছিটিয়ে মানুষ হত্যার ঘটনারই পুনরাবৃত্তি। সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নে বিরোধী দলের ওপর দায়ভার চাপানো আওয়ামী লীগের সংস্কৃতি এবং অভ্যাস।