আগুনে পুড়ে গেল মেরি এন্ডারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গায় ভাসমান রেস্তোরাঁ ‘মেরি এন্ডারসন’ আগুন লেগে পুড়ে যায় l প্রথম আলো
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গায় ভাসমান রেস্তোরাঁ ‘মেরি এন্ডারসন’ আগুন লেগে পুড়ে যায় l প্রথম আলো

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গায় ভাসমান রেস্তোরাঁ ‘মেরি এন্ডারসন’ আগুন লেগে পুড়ে গেছে। গতকাল বুধবার রাতে জাহাজটিতে আগুন লাগে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিয়ন্ত্রণাধীন একমাত্র ভাসমান রেস্তোরাঁ এটি।
ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী জাহাজটিতে আগুন লাগার খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও পোস্তগোলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত রাত ১১টার দিকে ফতুল্লার পাগলায় মেরি এন্ডারসনের নিচতলার বার থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। প্রথমে জাহাজটির কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে তাঁরা জাহাজ থেকে সরে যান। আগুনে পুড়ে গেছে জাহাজের আসবাবসহ বিভিন্ন মালামাল।
গত রাত একটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল। আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রেস্তোরাঁর পরিচালনার দায়িত্বে থাকা ব্যবস্থাপক মো. সালাউদ্দিন দাবি করেন, ‘জাহাজের নিচের ডেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রথম আমরা নিজেরা তা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হই। এ সময় জাহাজে কোনো দর্শনার্থী ছিলেন না।’
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মমতাজ উদ্দিন জানান, তাঁদের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কীভাবে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে জানাতে পারেননি তিনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আগুনে ভাসমান রেস্তোরাঁটি সম্পূর্ণ পুড়ে গেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম বলেন, জাহাজটি দেড় শ বছরের ঐতিহ্যমণ্ডিত। পুড়ে যাওয়া জাহাজটির ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে মূল্যায়ন করা সম্ভব নয়।