আগুনে পুড়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন আরেফিন নগর আস্তানা কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আবদুল আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে ২৮ কক্ষের চারটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে চুলা থেকে আস্তানা কলোনিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের বায়েজিদ ও আগ্রাবাদ স্টেশনের চারটি গাড়ি ভোর পাঁচটার দিকে আগুন নেভায়। এ সময় পুড়ে যাওয়া একটি ঘরের ভেতর থেকে আবদুল আলীর লাশ উদ্ধার করেন কর্মীরা। ঘুমে থাকায় তিনি ঘর থেকে বের হতে পারেননি।