আগুনে পুড়ে মারা গেলেন ঘুমন্ত কর্মচারী
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। এ সময় একটি দোকানের ভেতর ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন কর্মচারী মো. হামিদুল হক (২২)। অগ্নিদগ্ধ হয়েছেন ভেতরে থাকা আরও দুজন।
বড়চওনা বাজারে গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন, দোকানের দুই কর্মচারী ফয়সল আহমেদ (২০) ও হাফিজুর রহমান (২২)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী শহিদুর রহমান (৩০)।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, আগুনে তাঁদের দোকানের প্রায় দেড় কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে একটি হার্ডওয়্যার ও চারটি মুদির দোকান বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যারের পাইকারি দোকানের মালিক বিল্লাল হোসেনের ভাষ্য, ‘আগুনে আমার প্রায় ৫০ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে। আমার একজন কর্মচারী পুড়ে মারা গেছে। আরও দুইজন পুড়ে আহত হয়েছে।’
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. সোহেল রানার ভাষ্য, ‘খবর পেয়ে রাত তিনটার দিকে দুটি ইউনিট প্রায় দুই-আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের ভেতর আটকা পড়া দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আমাদের নিজ দায়িত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়ে দিয়েছি। ওই সময় একজনের লাশও উদ্ধার করা হয়েছে।’
খবর পেয়ে আজ সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান (ইউপি) শওকত শিকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু নাসের বেগ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।