আগুনে পুড়েছে দুই শতাধিক বস্তিঘর, প্লাস্টিকসামগ্রীর গুদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে রাজধানীতে চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে পুড়ে গেছে হাজারীবাগের একটি বস্তির দুই শতাধিক ঘর, ইসলামবাগে প্লাস্টিকসামগ্রীর গুদাম। এ ছাড়া পাঁচ তারকা সোনারগাঁও হোটেল এবং ভারতীয় দূতাবাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সূত্র জানায়, ঈদের পরদিন গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে হাজারীবাগ বালুর মাঠ বস্তিতে আগুন লাগে। আগুনে কমপক্ষে ১০ জন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া অনেক ঘরই ছিল তালাবদ্ধ। নিম্ন আয়ের কর্মজীবী এসব মানুষ ঘরে তালা দিয়ে ঈদ করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আগুনে তাঁদের সবকিছু পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ মাহবুব জানান, বস্তির একটি ঘর থেকে আগুন ছড়ায়। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে অনেক ঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তবে তাঁরা বস্তিবাসীর কাছে শুনেছেন, একটি ঘরের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
প্লাস্টিকসামগ্রীর গুদামে আগুন: ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামবাগ বাগানবাড়ি এলাকায় একটি প্লাস্টিকসামগ্রীর গুদামে আগুন লাগে। আগুন খুব দ্রুত পাশের আরও ১০-১২টি গুদামে ছড়িয়ে পড়ে। গুদামগুলোতে খেলনাসহ বিভিন্ন প্ল্লাস্টিকসামগ্রী ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁও হোটেলে আগুন: এদিকে গত বুধবার রাতে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সূত্র জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে আটতলা হোটেলটির তৃতীয় তলার একটি মেশিন কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় হোটেলে অবস্থানরত অতিথি ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ১০০ বাই ৬০ ফুট দৈর্ঘ্যের ওই মেশিন কক্ষের একটি ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে।
ভারতীয় দূতাবাসে আগুন: গত মঙ্গলবার বিকেলে গুলশানে ভারতীয় হাইকমিশনের ছয়তলা ভবনের পাঁচতলার কার্যালয়ে শীতাতপ যন্ত্র থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কক্ষের একটি শীতাতপ যন্ত্র, একটি ল্যাপটপ ও কিছু আসবাব পুড়ে গেছে।