আগুনে পুড়ল কৃষকের ১০ লাখ টাকার খামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক কৃষক পরিবারের খামারে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খামারের টিনের তিনটি ঘরে আগুন লেগে নয়টি গবাদিপশু পুড়ে মরেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া গ্রামের কৃষক আরশাদ আলী শেখের খামারে আগুন লাগার এ ঘটনা ঘটে। এতে ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই কৃষক। কেউ কোনোভাবে খামারে আগুন লাগিয়ে থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

কৃষক আরশাদ আলী শেখ জানান, বাড়ির পাশে ছোট ছোট তিনটি টিনের দোচালা ঘরে ১০টি ষাঁড় ও গাভি এবং ১০টি ছাগল নিয়ে পারিবারিক খামার গড়ে তোলেন। গতকাল রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশী এক বাড়িতে পারিবারিক অনুষ্ঠান চলছিল। রাত ১টার দিকে সেই বাড়ির লোকজন হঠাৎ আগুন দেখে চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে ঘুম থেকে উঠে দেখেন খামারের চারপাশে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খামারের একটি ঘর থেকে তাঁরা কোনো গবাদিপশু বের করতে পারেননি। ওই ঘরে থাকা দুটি চার মাসের গর্ভবতী গাভি ও দুটি ষাঁড় পুড়ে মরে যায়। পাশের ঘর থেকে বাকি ছয়টি গরু বের করতে পারলেও একটি গাভির শরীরের কিছু অংশ পুড়ে ঝলসে গেছে। এ ছাড়া শেষের ঘরে থাকা পাঁচটি ছাগল বের করতে না পারায় সেগুলো পুড়ে যায়। এলাকার লোকজন মিলে আগুন নেভানোর কাজ শুরু করলেও তিনটি ঘরের চারপাশে পাটকাঠির বেড়া থাকায় ৩০ মিনিটের মধ্যে সব ঘর পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে তাঁর পঞ্চম সন্তান আনোয়ার হোসেনের শরীরের কিছু অংশ ঝলসে গেছে।

সংবাদ পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের দল আগুন নেভানোর উদ্দেশে রওনা হয়। তবে আগুন নিভে গেছে জেনে তারা মাঝপথ থেকে ফিরে যায়।

আরশাদ আলী আরও জানান, ছেলেদের দেওয়া ও নিজের অর্থ মিলে ছয় মাস আগে যৌথভাবে গবাদিপশুর পারিবারিক খামার গড়ে তোলেন। যে চারটি গরু আগুনে পুড়ে মরেছে, সেগুলো ছয় মাস আগে কুষ্টিয়ার বালিয়ার হাট এলাকা থেকে সাড়ে তিন লাখ টাকায় কিনেছিলেন। সব মিলে তাঁর ১০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
আরশাদ বলেন, খামারে কোনো বিদ্যুৎ-সংযোগ ছিল না। কুপিবাতি বা মশার কয়েলও ছিল না। সে ক্ষেত্রে কেউ কোনোভাবে আগুন লাগিয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।

তবে এলাকাবাসীর মধ্যে এ নিয়ে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলছেন, খামার ঘরে মশার কয়েল ধরানো ছিল। মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আবার কেউ কেউ বলছেন, পাশের বাড়ি অনুষ্ঠানে আসা কমবয়সী ছেলেরা পটকা ফাটাতে গিয়ে অসাবধানতাবশত আগুন লাগিয়ে থাকতে পারে।

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান হাবীব, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতর আলী সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

আজ শুক্রবার ওসি মির্জা আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেলে এটি কোনো নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।