আগুনে পুড়ল বাড়িঘর ও দোকানপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ার রেললাইন এলাকায় গতকাল রোববার সকালে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এদিকে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খাইলকুর এলাকায় শনিবার গভীর রাতে আগুনে ১০টি ঘর পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটায় নগরের চাষাঢ়া রেললাইনসংলগ্ন ভাঙারির এক দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই ছয়টি দোকান (ঝুটের গুদাম, ভাঙারির দোকান, সেলুন) পুড়ে যায়।
মণ্ডলপাড়ার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর তানভির আলম বলেন, ধারণা করা হচ্ছে বিড়ি বা সিগারেট থেকে
আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
এদিকে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোর্শেদুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে দক্ষিণ খাইলকুর এলাকার নূরুল আমিনের ভাড়াবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ১০টি ঘর ও এসব ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়।