আগুনে পুড়িয়ে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানকে এসপির সহযোগিতা
দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নলুয়া কবরস্থান হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় সহযোগিতা করেছেন বগুড়ার পুলিশ সুপার (এসপি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে শেরপুর থানার পুলিশ ওই প্রতিষ্ঠানের সভাপতির কাছে ধর্মীয় গ্রন্থসহ বিভিন্ন উপকরণ তুলে দেয়।
এসবের মধ্যে রয়েছে ৫০টি ধর্মীয় গ্রন্থ (কোরআন শরিফ), পাঁচটি কম্বল ও একটি স্টিলের আলমারি। গতকাল বিকেলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান ওই প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি এম এ হালিম তালুকদারের কাছে এসব তুলে দেন।
খান মো. এরফান বলেন, দুর্বৃত্তের আগুনে ২১ ফেব্রুয়ারি রাতে মাদ্রাসাটির অফিস ও আবাসিক কক্ষ পুড়ে যাওয়ার পর এসপি মো. আসাদুজ্জামান বিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসার কর্তৃপক্ষকে তাঁর সহযোগিতা করার কথা জানান। ওই আগুনে প্রতিষ্ঠানের দুটি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় মাদ্রাসাটি ছুটি থাকায় আবাসিকে থাকা ৬০ জন শিক্ষার্থী বেঁচে যায়। তবে আগুনে শিক্ষার্থীদের বই-খাতাসহ বিছানাপত্র পুড়ে যায়। ঘটনায় প্রতিষ্ঠানের মুহতামিম (প্রধান শিক্ষক) মাওলানা মানজুরুল ইসলাম বাদী হয়ে গত ২৩ ফেব্রুয়ারি মামলা করেন।