আগুনে পুড়ে একজন নিহত, দগ্ধ ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরোসিনের চুলা (পাম্প স্টোভ) বিস্ফোরণে আগুনে পুড়ে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে রোজী বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে৷ গত রোববার রাতে দগ্ধ হওয়ার পর গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ছাড়া রোববার গভীর রাতে কাফরুলের দক্ষিণ ইব্রাহিমপুরে একটি বাসায় অগ্নিকাণ্ডে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। এই পাঁচজনেরই অবস্থা আশঙ্কাজনক৷ একই রাতে পুরান ঢাকার জুতার কারখানায় আগুনে দগ্ধ হয়েছে আরও তিনজন। এই দুটি ঘটনায় দগ্ধ আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গৃহবধূ রোজী বেগমের ভাই মো. সেলিম বলেন, আটকে পড়া পাকিস্তানিদের জেনেভা ক্যাম্পে স্বামী সোহেল রানা ও সন্তানদের নিয়ে থাকতেন রোজী৷ রোববার রাত সাড়ে ১২টার দিকে তিনি খাবার গরম করার জন্য কেরোসিনের চুলা জ্বালান। তখনই সেটি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। গুরুতর দগ্ধ হন রোজী। গভীর রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পৃথক ঘটনায় দক্ষিণ ইব্রাহিমপুরের বাতানবাড়ি এলাকায় একটি টিনশেডের বাসায় আগুন লেগে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। আহত ব্যক্তিরা হলেন জয়নাল আবেদীন (৪২), তাঁর স্ত্রী পিয়ারা বেগম (৩৫), তাঁদের ছেলে রবিউল (১২) ও রাব্বী (৯) এবং পিয়ারার ভাইয়ের মেয়ে খাদিজা (১৭)। জয়নাল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
পিয়ারা বেগমের ভগ্নিপতি শেকুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে সবাই ঘুমিয়ে থাকার সময়ে বৈদ্যুতিক পাখার কয়েল বিগড়ে তাতে আগুন ধরে যায়। সেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতেই পাঁচজন দগ্ধ হয়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাঁদের উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে যান৷ এই দগ্ধ ব্যক্তিদের মধ্যে জয়নালের শরীরের ৫৫ ভাগ পুড়ে গেছে। এ ছাড়া পিয়ারা বেগমের ৩০ ভাগ, রবিউলের ১৫ ভাগ, খাদিজা ও রাব্বীর ২০ ভাগ পুড়েছে। তাঁরাও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
অপর ঘটনায় রোববার গভীর রাতে পুরান ঢাকার কায়েতটুলীতে একটি জুতার কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। এতে কারখানার মালিক সাত্তার, কর্মচারী সাইদুল ও ফারুক দগ্ধ হন। তাঁদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।