আগুনে পুড়ে কলেজ ছাত্রের মৃত্যু
রাজধানীর তেজগাঁও থানার শাহীনবাগে রাইয়ান রহমান ওরফে অভীক (২০) নামের এক কলেজছাত্র আগুনে পুড়ে মারা গেছেন। নিহত রাইয়ান ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, রাইয়ান নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার সকালে রাইয়ানকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। তাঁর শরীরের ৬০ ভাগ পোড়া ছিল বলে কর্তব্যরত চিকিৎসকেরা সাংবাদিকদের জানান।
হাসপাতালে নিহতের বাবা ওয়াহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, তিনি স্ত্রী-সন্তান নিয়ে শাহীনবাগ এলাকায় থাকেন। এলাকার একটি মেয়ের সঙ্গে রাইয়ানের পরিচয় ছিল। গত শুক্রবার সকালে রাইয়ান তাদের বাসায় যায়।
দুপুরে মেয়েটির মা রাইয়ানের মা রাসেজাকে ফোন করে জানান, রাইয়ান তাঁদের বাসায় চুলার আগুনে পুড়ে গেছে। খবর শুনে রাসেজা বাসা থেকে বের হতেই দেখেন, চারজন লোক রাইয়ানকে বাসার সামনে রেখে চলে যাচ্ছেন। তখন তাকে হাসপাতালে নেওয়া হয়।
বাবা ওয়াহিদ উদ্দিন বলেন, প্রায়ই রাইয়ান ওই বাসায় যেত। তবে রাইয়ান কীভাবে আগুনের শিকার হলো, তা রহস্যজনক।
এ ব্যাপারে ওই মেয়ের পরিবারের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্পর্ক প্রত্যাখ্যান করায় রাইয়ান নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। তবে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।