আগুনে পুড়ে কাতরাচ্ছেন বীণা, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘরে খাটের ওপর বসে ছিলাম। তিনি (স্বামী) এসে বললেন, তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আয়। বাবা গরিব, টাকা কোথায় পাবেন—এ কথা বলতেই তিনি খেপে গিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে ঘরে জ্বালানো কুপির কেরোসিন ঢেলে আমার শরীরে আগুন ধরিয়ে দেন।’‘আগুন লাগিয়েই তিনি ক্ষান্ত হননি, চিকিৎসকের কাছে যাতে না যেতে পারি, সে জন্য ঘরের মধ্যে আটকে রাখেন। এক দিন পর বাবা এসে গ্রামবাসীর সহায়তায় আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।’ বগুড়ার রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন বীণা আকতার রোববার এভাবেই তাঁর ওপর বর্বরতার বর্ণনা দেন। ২৮ ফেব্রুয়ারি রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামে সংঘটিত ওই ঘটনার পর স্বামী গোলাম রব্বানীর লোকজনের ভয়ে বীণার পরিবার মামলা করতে পারেনি। প্রায় তিন মাস পর রোববার বীণার বাবা রুহুল আমিন শিবগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ মামলার একমাত্র আসামি গোলাম রব্বানীকে ওই দিনই গ্রেপ্তার করে। হাসপাতালে গিয়ে দেখা যায়, বীণার কোমড় থেকে নিচের দিকে ব্যান্ডেজ। ঠিকমতো নড়াচড়া করতে পারেন না। ব্যথায় কাতরাচ্ছেন। চিকিৎসক মোস্তফা কামাল জানান, বীণার শরীরের এক-তৃতীয়াংশ পুড়ে গেছে। বিকল্পভাবে তাঁর প্রসাব-পায়খানার ব্যবস্থা করা হয়েছে। পুড়ে যাওয়া অংশে আলাদাভাবে চামড়া লাগাতে হবে। এ জন্য যত দ্রুত সম্ভব তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া প্রয়োজন। বীণার বাবা রুহুল আমিন জানান, হাসপাতালে তাঁর মেয়ের স্বামী বা শ্বশুরবাড়ির কেউ দেখতেও আসেনি। গরিব ও অশিক্ষিত হওয়ায় তাঁরা আইনগত ব্যবস্থাও নিতে পারেননি। মেয়ের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় মামলা করতে দেরি হয়েছে বলে তিনি জানান। গ্রেপ্তার হওয়া গোলাম রব্বানী অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর স্ত্রী মস্তিষ্কবিকৃত রোগে ভুগছিল। সে নিজেই নিজের গায়ে আগুন ধরে দেয়।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মামলা দায়েরের পরপরই মোকামতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বীণার স্বামী গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়।