আগুনে পুড়ে কিশোরের মৃত্যু
চট্টগ্রাম নগরের খুলশী থানার নাসিরাবাদ এলাকায় অগ্নিকাণ্ডে মাজহারুল ইসলাম নামের এক কিশোর (১৪) দগ্ধ হয়ে মারা গেছে। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাজহারুল ইসলামের বাবার নাম নুরুল ইসলাম। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, নাসিরাবাদ প্রোপার্টিজ এলাকায় নির্মাণকাজের মালামাল রাখার জন্য স্থানীয় একজন ঠিকাদারের কাঁচাঘর রয়েছে। ওই কাঁচাঘরে মাজহারুল ঘুমাত। মাজহারুল ওই ঠিকাদারের গরুর খামারের দেখাশোনা করত। আগুন লাগার পর ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় সে। সম্ভবত কুপিবাতি থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। মাজহারুলের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। রাত তিনটার দিকে আগুন নেভানো হয়। আগুন লাগার কারণ তদন্ত করে বলা যাবে।