পাবনার সুজানগর উপজেলার মান্দিয়ারকান্দী গ্রামে গত শনিবার সন্ধ্যায় আগুনে পুড়ে আলেয়া খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আগুনে সাতটি বসতঘর ও ঘরের আসবাব পুড়ে গেছে। একই দিন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, নাটোরের গুরুদাসপুর ও নওগাঁর সাপাহার উপজেলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: প্রত্যক্ষদর্শীরা বলেন, সুজানগরের মান্দিয়ারকান্দী গ্রামের হালিম শেখের বাড়ির চুলা থেকে শনিবার সন্ধ্যার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের সাতটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় হালিমের স্ত্রী আলেয়া খাতুন তাঁর ঘরে থাকা নগদ টাকা আনতে গিয়ে ভেতরে আটকা পড়েন। আগুনে পুড়ে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দা ও সুজানগর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে, আগুনে তাদের সাতটি ঘরে থাকা নগদ টাকা, আসবাবসহ মূল্যবান সামগ্রী পুড়ে গেছে।
উপজেলার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা এবং তাদের সহযোগিতা করার জন্য গ্রামবাসীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): উপজেলার ভোমরাদহ ইউনিয়নে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাশাপাশি থাকা খামার সেনুয়া ও জসাইপাড়া গ্রামের ২০টি ঘর পুড়ে গেছে। আরও ২১টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে খামার সেনুয়া গ্রামের আলতাফুরের ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরে পীরগঞ্জ ও ঠাকুরগাঁও থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কমপক্ষে ৪১টি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে প্রায় ৪১ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।
গুরুদাসপুর (নাটোর): উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িবামনগাড়া গ্রামে শনিবার দুপুরে বরাত আলী নামের এক ব্যক্তির রান্নাঘরের পেছনে ফেলা ছাই থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বরাত আলীর তিনটি এবং রজব আলী, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম ও রফিজান বেগমের ঘরে ছড়িয়ে পড়ে। এতে সাতটি ঘরই পুড়ে যায়। ঘটনার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ নেওয়াজ ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউপি চেয়ারম্যান বলেন, নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এলেও শেষ রক্ষা হয়নি। ইউএনও জাহিদ নেওয়াজ বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের জন্য চাল বরাদ্দ করা হয়েছে। বাড়তি অনুদানের জন্য জেলা প্রশাসককে জানানো হয়েছে।
নওগাঁ: আমাদের আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, শনিবার রাতে নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নসংলগ্ন হাড়িপাল গ্রামের আরিফ উদ্দীনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে তাঁর গোয়ালঘরের দুটি গরু মারা যায়। পরে পত্নীতলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে ঘরের আসবাব, বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে আরিফ দাবি করেন।