আগুনে পুড়ে গেছে একটি গুদাম
ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় গতকাল রোববার আগুনে একটি গুদাম পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুশীল সরকার বলেন, এ ঘটনায় তাঁর প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সুশীল সরকার বলেন, ১৯৯২ সাল থেকে তিনি বিভিন্ন কোম্পানির ডিলার হিসেবে ব্যবসা করছেন। গতকাল সকাল সাতটার দিকে তিনি খবর পান তাঁর গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এ খবর পেয়ে তিনি ছুটে গিয়ে দেখেন গোটা গুদামের মালামাল পুড়ছে। দ্রুত খবর দিলে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে গুদামের মধ্যে থাকা একটি পিকআপ ভ্যানও পুড়ে গেছে।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তাঁর দোকানে থাকা প্রায় ১২৭ ধরনের মালামাল পুড়ে গেছে। এর মধ্যে চা, প্রসাধনী, মশার কয়েল ছিল। আগুনে তাঁর প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া তিনি ব্যাংক থেকে ঋণও নিয়েছেন। বিভিন্ন কোম্পানিতে ধার-দেনাও আছে। এই ক্ষতি এখন তিনি কীভাবে সামাল দেবেন?
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দিলীপ কুমার সরকার বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। গুদামের বিদ্যুতের লাইনটি পুড়ে গেছে দেখে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।