আগুনে পুড়ে গেছে জুতার কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আকিজ গ্রুপের একটি জুতা তৈরির কারখানা অগ্নিকাণ্ডে পুরোপুরি পুড়ে গেছে। ঈদুল ফিতরের কারণে কারখানা বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু আগুন লাগার কারণ সম্পর্কে তাঁরা কোনো ধারণা দিতে পারেনি। বছর দুয়েক আগেও কারখানাটির রাসায়নিক পদার্থের গুদামে আগুন ধরে সব পুড়ে গিয়েছিল।
আশুলিয়া থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, গত রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে সম্পূর্ণ রপ্তানিমুখী আকিজ ফুটওয়্যার নামের জুতার কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। ১৫ মিনিটের মধ্যে ৩০ হাজার ঘনফুটের আধপাকা দ্বিতল ভবনের কারখানায আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসে খবর দেন। ডিইপিজেডসহ সাভার, ধামরাই ও কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। পর্যায়ক্রমে ঢাকা ও টঙ্গীসহ আশপাশের এলাকা থেকে আরও নয়টি ইউনিট ঘটনাস্থলে আনা হয়। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টা করে রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, পানির অভাবে আগুন নেভানোর কাজ বারবার বাধাগ্রস্ত হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহ করে আনা পানি প্রায় ফুরিয়ে যায়। কারখানার ভেতরে ও আশপাশে পানির কোনো আধার না থাকায় সাতটা পর্যন্ত আগুন নেভানোর কাজ বন্ধ থাকে। পরে নতুন করে ঘটনাস্থলে আসা কয়েকটি ইউনিট থেকে পানি সরবরাহ করা হয়। এ ছাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের দূরের বিভিন্ন জলাশয় থেকেও পানি সংগ্রহ করে আনতে দেখা যায়।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সামসুজ্জামান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বেতন ও বোনাস পরিশোধ করে গত বৃহস্পতিবার কারখানার প্রায় ৮০০ শ্রমিককে ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর থেকে কারখানাটি বন্ধ ছিল। ২৫ জুলাই কারখানা খোলার কথা ছিল। কিন্তু এর আগেই আগুনে সব ধ্বংস হয়ে যায়।
কারখানার সহকারী মহাব্যবস্থাপক (কমার্শিয়াল) আবদুস সামাদ বলেন, ‘কারখানা বন্ধ করার আগে সব বিভাগ খতিয়ে দেখা হয়। এ সময় কোনো ত্রুটি পাওয়া যায়নি। এরপরেও আগুন লাগার কারণ আমাদের কাছে বোধগম্য নয়।’
কারখানার পেছনেই রয়েছে কর্মচারীদের আবাসনের ব্যবস্থা। সেখানে প্রায় ১০০ শ্রমিক বসবাস করেন। ঈদের ছুটির পরেও ওই শ্রমিক কলোনিতে ৭০ জনের মতো ছিলেন।
শ্রমিক কলোনির বাসিন্দা মিলি মারমা বলেন, প্রচণ্ড ধোঁয়া দেখে কলোনির বাসিন্দারা আগুন লাগার বিষয়টি আঁচ করতে পারেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। আগুনের কারণে তাঁরা কলোনির ভেতরে আটকা পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন কলোনির দেয়াল ভেঙে কারখানা এলাকা থেকে তাঁদের বাইরে নিয়ে যান।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বলেন, কারখানার ভেতরে প্রচুর রাসায়নিক দ্রব্য ও ফোম-জাতীয় বস্তু ছিল। এর ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপরেও ১৪ টি ইউনিট একযোগে কাজ করায় তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি বলেন, কারখানাটির দেয়াল ইটের হলেও লোহার পাতের ওপর টিনের ছাউনি দিয়ে ভবনটি তৈরি করায় আগুনের প্রচণ্ড তাপে তা ধসে পড়ে।
আকিজ গ্রুপের পরিচালক শেখ নাফিজ উদ্দিন বলেন, কারখানার ভেতরে বেশ কিছু যন্ত্রসহ বিপুল পরিমাণ উৎপাদিত পণ্য ছিল। ঈদের পরই ওই পণ্য জাপানে পাঠানোর কথা ছিল। আগুনে সব পণ্য, ভবন ও যন্ত্র পুড়ে এক শ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত ছাড়া আগুন লাগার কারণ
সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি সম্পর্কে কারখানার কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।