চার মাসের মেয়ে আয়েশা খাতুনকে কোলে নিয়ে স্বামীর লাশের কফিনে মাথা ঠুকে বিলাপ করছেন রিতা বেগম। বিলাপের মধ্যে তিনি বলছিলেন, ‘মেয়েকে দেখার জন্য ও প্রতিদিন ফোন করে দেশে চলে আসতে চাইত। আমি বারবার নিষেধ করতাম। আজ ও আইছে লাশ হয়ে। আমাদের সব স্বপ্নই আগুনে পুড়ে গেল।’
গতকাল বুধবার সকালে এ দৃশ্য চোখে পড়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের হালতি বিলের মাঝের জনার্দনবাটি গ্রামে। গত ১০ আগস্ট সৌদি আরবের একটি সোফা কারখানায় আগুন লেগে একই এলাকার চার প্রবাসী শ্রমিক পুড়ে মারা যান। ৪১ দিন পর গত মঙ্গলবার রাতে তিনজনের লাশ নিজ নিজ বাড়িতে পৌঁছায়। ওই তিন শ্রমিকের একজন রিতা বেগমের স্বামী জামাল হোসেন (৩৮)। তিনি জনার্দনবাটি গ্রামের গফুর মোল্লার ছেলে। নিহত অপর যে দুজনের লাশ এসেছে তাঁরা হলেন খাজুরা গ্রামের শ্রীপুরপাড়ার সৈয়দ আলীর ছেলে সামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন (২০) ও আজাহার আলীর ছেলে অহিদুর রহমান অসীম (৩০।
কাগজপত্রের জটিলতা থাকায় খাজুরার ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিনুল ইসলামের (৩০) লাশ দেশে আসেনি। তাঁরা সবাই দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। জমি বিক্রি ও ঋণ করে তাঁরা সৌদি আরব গিয়েছিলেন।
খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, মঙ্গলবার বিকেল চারটার দিকে সৌদি আরব থেকে নিহত তিন শ্রমিকের লাশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে স্বজনেরা লাশগুলো গ্রহণ করে নিজেদের ব্যবস্থাপনায় নাটোরে নিয়ে আসেন। বেলা ১১টার দিকে স্থানীয় কবরস্থানে লাশ তিনটি দাফন করা হয়।