আগুনে পুড়ে গেছে ১৭ হাজার রাবারগাছ
রাজনগর চা-বাগান এস্টেটের রাবার প্রকল্পের একটি বিভাগে আগুনে ৪৮ একর জায়গার রাবারবাগান পুড়ে গেছে। এতে উৎপাদনশীল প্রায় ১৭ হাজার রাবারগাছ পুড়ে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে।
গত রবি ও সোমবার দিবাগত গভীর রাতে দুই দফায় এ অগ্নিকাণ্ড ঘটে। বাগান কর্তৃপক্ষ দাবি করেছে, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে রাবারবাগানে এ আগুন লাগিয়েছে। রাজনগর চা-বাগানের কর্মকর্তা সূত্রে জানা গেছে, এই চা-বাগান এস্টেটের রাবার প্রকল্পের ৬ নম্বর সেকশনের আগাটিলা এলাকায় রোববার রাতে আগুন লাগে। আগুনে বাগানের আট একর জায়গার প্রায় চার হাজার গাছ পুড়ে যায়।
সোমবার রাতে রাবারবাগানের একই এলাকায় আবারও আগুন লাগে। চা-শ্রমিকেরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। এরই মধ্যে রাবার প্রকল্পের ৪০ একর জায়গার ১২ হাজার ৫০০ গাছ পুড়ে যায়। রাবারগাছের নিচে জমে থাকা শুকনো পাতায় আগুন ধরিয়ে দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এই গাছগুলো উৎপাদনে ছিল। আগুনে রাবারগাছের গোড়ার দিকের পাতলা খোলস পুড়ে যাওয়ায় ১২ বছর পর্যন্ত এই গাছ থেকে রাবারের ‘কষ’ না পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাগানের পক্ষ থেকে রাজনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রাজনগর চা-বাগানের ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম গতকাল মঙ্গলবার বলেন, ‘দুষ্কৃতকারীরা এই আগুন লাগিয়েছে। কিছুদিন আগে যারা বাগানের বাংলো ভাঙচুর ও রাবারের কষ চুরি করেছে, তারাই এই আগুন লাগিয়েছে বলে ধারণা করছি।’