আগুনে পুড়ে গেল তুলার গুদাম ও ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের মেসার্স ঢালী কটন মিলসের তুলার গুদাম ও তুলাভর্তি একটি ট্রাক আগুনে পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে শহরের বাবুরহাট বিসিক শিল্প নগরীতে এ ঘটনা ঘটে। পরে চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছেন চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক রতন কুমার নাথ।

মেসার্স ঢালী কটন মিলসের মালিক নুরে আলমের দাবি, তাঁর গুদাম ও ট্রাকে থাকা ৫০ লাখ টাকার তুলা আগুনে পুড়ে গেছে।

চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, দুষ্কৃতকারীরা ট্রাকে আগুন দিলে তা গুদামে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।