আগুনে পুড়ে গেল মেয়ের বিয়ের মালামাল ও ছেলে পরীক্ষার্থীর বই-খাতা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হারজী নলবুনিয়া গ্রামে গতকাল বুধবার সকালে কৃষক রবিন মণ্ডলের বসতঘরটি আগুনে পুড়ে গেছে। একই সঙ্গে পুড়ে গেছে ঘরে থাকা মেয়ের বিয়ের জন্য কেনা মালামাল, স্বর্ণালংকার ও নগদ টাকা এবং এইচএসসি পরীক্ষার্থী ছেলের বইখাতাসহ ঘরের আসবাব।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সব হারিয়ে দরিদ্র কৃষক দম্পতি রবিন মণ্ডল ও প্রীতিলতা মণ্ডল আহাজারি করছেন। আগুনে পুড়ে যাওয়া ঘরের শূন্য ভিটায় প্রীতিলতা মণ্ডলকে সান্ত্বনা দিচ্ছেন এক প্রতিবেশী।
রবিন মণ্ডল জানান, গতকাল বুধবার সকালে তিনি ও তাঁর স্ত্রী প্রীতিলতা মণ্ডল খেতে কাজ করতে যান। ছেলে শৌখিন মণ্ডল ও মেয়ে রণিতা মণ্ডল ঘরে তালা দিয়ে কলেজে যান। সকাল সাড়ে আটটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগে। প্রতিবেশীরা আগুন নেভাতে ছুটে আসেন। তবে আগুন নেভানোর আগেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে পুড়ে যায় মেয়ের বিয়ের জন্য জমানো নগদ ৪০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার। সঙ্গে ঘরে থাকা ২০ মণ চাল, ১৫ মণ ধান, আসবাব ও ছেলেমেয়ের বই-খাতা।
রবিন মণ্ডল আরও বলেন, ‘১০ মার্চ মেয়ে রণিতা মণ্ডলের বিয়ে। ধারদেনা করে বিয়ের সব আয়োজন ও কেনাকাটা শেষ করেছিলাম। আগামী ২ এপ্রিল ছেলে শৌখিন মণ্ডলের এইচএসসি পরীক্ষা শুরু। আগুনে পুড়ে গেছে মেয়ের বিয়ের সব মালামাল ও ছেলের বই-খাতা। এখন নতুন করে এসব মালামাল কীভাবে জোগাড় করব?’
শৌখিন মণ্ডল বলে, ‘এক মাস পর পরীক্ষা। বই-খাতা পুড়ে যাওয়ায় নতুন করে বই কিনতে হবে। বাবা বোনের বিয়ের জন্য ধারদেনা করছেন। ঘর পুড়ে গেছে। এখন এ অবস্থায় বই কেনার টাকা সংগ্রহ করা কঠিন।’
প্রীতিলতা মণ্ডল বলেন, ‘আমাদের সবকিছু আগুনে পুড়ে যাওয়ায় আমরা নিঃস্ব হয়ে গেছি। এখন মেয়ের বিয়ে, ছেলের পরীক্ষা, নতুন করে ঘর তোলা আর দেনা পরিশোধ কীভাবে করব? চোখে অন্ধকার দেখছি।’