আগুনে পুড়ে গেল স্কুলঘর
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের তৈরি ঘর আগুনে পুড়ে গেছে। গত সোমবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন।
প্রধান শিক্ষক আব্দুল গনি বলেন, আগুনে ১৬ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের একটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের একটি টিনের ঘরে আগুন দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। এলাকাবাসী আগুন নেভাতে যান। গিয়ে দেখন, টিনের ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ যায়। নতুন ভবন নির্মাণের পর থেকে পুড়ে যাওয়া টিনের ঘরটি পরিত্যক্ত ছিল। ঘরটির ভেতর এলাকাবাসী লাকড়ি রাখত। ব্যক্তিগত স্বার্থে কেউ ঘরটিতে আগুন দিতে পারে। ঘটনাটি তদন্তে গতকাল কমিটি গঠন করা হয়েছে।