আগুনে পুড়ে গেল হবিগঞ্জের ছয় তরুণের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপ্রিলের প্রথম দিকে বিয়ে হয়েছিল অষ্টাদশী মারজু বেগমের। তারপর ১৫টি দিন যেন এক প্রহরের মতো চলে গেল। জীবিকার তাগিদে স্বামী গাজিউর রহমান (২৪) ফিরে যান কর্মস্থল ঢাকায়। মুঠোফোনে গাজিউরের সঙ্গে প্রায়ই কথা হতো মারজুর। কিন্তু চোখের দেখা না দেখলে কি আর মন ভরে? স্বামী তাঁকে আশ্বাস দিতেন, আসবেন, তিনি শিগগিরই আসবেন। শেষে দিনক্ষণ ঠিক হয়, ৮ জুন বাড়ি ফিরবেন তিনি। এর চার দিন আগেই গত শুক্রবার বাড়ি ফেরেন গাজিউর। তবে জীবিত নয়, আগুনে পোড়া লাশ হয়ে।ঢাকার নবাব কাটরার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন গাজিউর। হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মৃত সোহা মিয়ার ছেলে তিনি। তাঁর সঙ্গে একইভাবে আগুনে পুড়ে মারা গেছেন ওই গ্রামের আরও পাঁচজন। তাঁদের লাশও একই দিন গ্রামে পৌঁছায়। তারা হলো সুলতান মিয়ার ছেলে আবদুল ছালেক (২৩), আকছির মিয়ার ছেলে লাউছ মিয়া (১৮), ছালেক মিয়ার বড় ভাইয়ের ছেলে রিপন মিয়া (২০), ভাগ্নে স্বপন (১৫) ও একই গ্রামের মৃত রমিজ মিয়ার ছেলে বরজু মিয়া (১৮)।ছালেক, গাজিউর ও লাউছ নিমতলীর ৪৩/৩ নম্বর বাড়িতে অবস্থিত একটি বাখরখানির কারখানায় কাজ করতেন। ছালেক শুক্রবার গ্রামের বাড়ি যাবেন শুনে বৃহস্পতিবার রাতে রিপন, স্বপন ও বরজু ওই রেস্তোরাঁয় যান। এই তিনজন একই এলাকায় আরেকটি রেস্তোরাঁয় কাজ করতেন। ছালেকের কাছে টাকা-পয়সা ও কিছু জিনিস দিতে যান তাঁরা। নিমতলীর ওই রেস্তোরাঁয় ছয়জন একসঙ্গে বসে খাওয়ার সময় অগ্নিদগ্ধ হন। ওই এলাকায় কর্মরত অন্য শ্রমিকেরা তাঁদের লাশ উদ্ধার করেন। ছয়জনের মধ্যে একমাত্র গাজিউরই বিবাহিত ছিলেন। গতকাল শনিবার গাজিউরের বাড়িতে গিয়ে দেখা যায়, একটি ঘরে সাদা শাড়ি পরা মারজু বেগম বিলাপ করে কাঁদছেন। স্বজনদের কোনো সান্ত্বনাই তাঁকে স্পর্শ করছে না। মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন গাজিউরের মা হাসু বেগম। গাজিউরের বড় ভাই ফারুক জানান, তাঁরা তিন ভাই। গাজিউর সবার ছোট। তিন মাস আগে একই উপজেলার বামৈ গ্রামে বিয়ে করেন তিনি। সংসার শুরু করতে না করতে তাঁর বিদায় তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না। বরজু মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, মা ফুকন বিবি শুয়ে আছেন বিছানায়। তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা জানান, ছেলের মৃত্যু-সংবাদ পাওয়ার পর থেকে তিনি বাকরুদ্ধ। চার ভাই দুই বোনের মধ্যে তৃতীয় বরজু। সংসার চালানোর দায়িত্ব ছিল বরজুর ওপরই।লাউছ মিয়ার পরিবারের সদস্যরা জানান, দুই-তিন দিনের মধ্যে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। এ জন্য বাড়িতে খুশির আমেজ এসে যায়। এর মধ্যে লাউছের মৃত্যু ছিল বিনা মেঘে বজ্রপাত। ছালেকের বাড়ি ভারী হয়ে উঠেছিল কয়েকজন নারীর বিলাপের করুণ সুরে। তাঁর বিধমা মা জহুরচান সামনে যাকে পাচ্ছিলেন তাকেই আঁকড়ে ধরে আকুল কণ্ঠে বলছিলেন, ‘আমার ছেলে কই? আমাকে দেখাও।’ ছয় ভাই তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন ছালেক। ভাতিজা রিপন ও ভাগ্নে স্বপনকেও ঢাকায় নিয়ে যান তিনি। স্বপনের মা আয়েশার বুকফাটা আহাজারিতে উপস্থিত অনেকেই কেঁদে ফেলেন। দুই সন্তান নিয়ে সংসার চলছিল না বলে অল্প বয়সেই স্বপনকে কাজে দিয়েছিলেন তিনি।ভাদিকারা গ্রামের আইয়ুব হোসেন, ফারুক ও সদর হোসেন জানান, শুক্রবার রাতে ট্রাক ও অ্যাম্বুলেন্সে করে ছয়জনের লাশ ভাদিকারা গ্রামে নিয়ে আসেন তাঁরা। অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার প্রতিটি লাশের জন্য ২০ হাজার টাকা করে সহায়তা দিলেও এ তালিকায় এই ছয় তরুণের নাম নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, ‘আমি যতটুকু জানি, এ অর্থের বিষয়টি ঢাকার জেলা প্রশাসক দেখছেন। নিহত ছয়জনের পরিবার এ টাকা না পেয়ে থাকলে তাঁরা আমার মাধ্যমে আবেদন করতে পারেন। তাঁদের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ঢাকায় পাঠানোর চেষ্টা করব।’ পুড়ে গেল গোটা সংসার: আমাদের ভোলা প্রতিনিধি জানান, নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনায় ভোলার একটি পরিবারের তিন সদস্য মারা গেছেন। তাঁরা হলেন সদর উপজেলার জামিরালতা গ্রামের ব্যাপারীবাড়ির রুহুল আমিনের একমাত্র ছেলে আবদুল্লাহ আল মামুন (৩২), তাঁর স্ত্রী ইয়াসমিন রশিদ (২৭) ও তাঁদের ছেলে রাফি (৭)। একই পরিবারের তিনজনের মৃত্যুতে ব্যাপারীপাড়ায় শোকের ছায়া নেমে আসে। ছেলে, পুত্রবধূ ও নাতিকে হারিয়ে গত শুক্রবার বারবার জ্ঞান হারাচ্ছিলেন মা জাহানারা বেগম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পথপানে চেয়েছিলেন বাবা রুহুল আমিন। চাচা আলাউদ্দিন জানান, তাঁর ভাইয়ের চার সন্তানের মধ্যে একমাত্র ছেলে আবদুল্লাহ আল মামুন ছয় মাস আগে ঢাকায় ইউনিলিভারের গাড়িচালকের পদে চাকরি নেন। চাকরি নেওয়ার দুই মাস পর ঢাকার কায়েতটুলীতে বাসা ভাড়া নিয়ে স্ত্রী ও একমাত্র ছেলে নিয়ে তিনি বাস করছিলেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিনজনের লাশ ব্যাপারীপাড়ায় পৌঁছায়। রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।