আগুনে পুড়ে গেল ১৬ দোকান

পিরোজপুরের নাজিরপুর উপজেলার খেজুরতলা বাজারে অগ্নিকাণ্ডে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত ৩টার দিকে বাজারের আবুল খানের লন্ড্রির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে পিরোজপুর ও নাজিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যবসায়ী সালাউদ্দিন জানান আগুনে তাঁর একটি কীটনাশক ও একটি সারের গুদাম পুড়ে গেছে। এতে তাঁর ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া বাজারের সাতটি মুদি, দুটি কাপড়ের দোকান, দুটি কসমেটিকসের দোকান, একটি কাঠের আসবাবপত্রের দোকান, একটি লন্ড্রি ও একটি চায়ের দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ইউসুফ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়।