আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলায় রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে মারা গেছে রাব্বি শেখ (১০) নামের এক শিশু। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের বাজার কান্দি কারিরহাট গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি সে সময় বাড়িতে একা ঘুমাচ্ছিল।

রাব্বি শেখ বাজার কান্দি কারিরহাট গ্রামের শেখ ইউনুছের ছেলে। সে ভাষানচর ইউনিয়নের ৩৩ নম্বর ডিক্রির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

এলাকাবাসী বলেন, আগুনে ইউনুছ শেখ, তাঁর দুই ভাই বানেজ শেখ ও আনেস শেখের তিনটি বসতঘর, দুটি রান্না ঘরসহ পাঁচটি ঘর পুড়ে গেছে। বাড়িতে থাকা ১০টি হাঁস-মুরগি, ছাগল ও কবুতর পুড়ে মারা গেছে। এ ছাড়া ঘরের চাল-ডাল, আসবাবপত্রসহ যাবতীয় সামগ্রী পুড়ে গেছে।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার স্কুল বন্ধ থাকায় রাব্বি সারা দিন প্রতিবেশী মোবারক মোল্লার পেঁয়াজখেতে কাজ করে বিকেলে বাড়ি ফেরে। সন্ধ্যা হতেই ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার দিকে তাঁর মা আকলিমা বেগম অসুস্থ স্বামীকে নিয়ে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে যান। সে সময় রাব্বি একা ঘরে ঘুমাচ্ছিল। ধারণা করা যাচ্ছে, বাড়ির রান্নাঘরের চুলার আগুন থেকে ওই সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান বলেন, তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ পাঁচ হাজার টাকা, কম্বল, লুঙ্গি, শাড়ি বিতরণ করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করে সরকারের পক্ষ থেকে আরও সাহায্যের আশ্বাস দেন তিনি।
এ ছাড়া ভাষানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ছমির ব্যাপারী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা দেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, মৃত শিশুটির সুরতহাল করা হয়েছে। পরিবারের অনুরোধে, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।