আগুনে পুড়ে দুই ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল শুক্রবার দুপুরে রোহিঙ্গা শরণার্থী শিবিরের আগুনে পুড়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের এইচ ব্লকের ৬৭৪ নম্বর শেডের ৫ নম্বর কক্ষের বাসিন্দা সুলতান আহমদ ও স্ত্রী মরিয়ম বাহার। রোহিঙ্গা শরণার্থী শিবিরসংলগ্ন এলাকায় অস্থায়ী একটি ঘর তৈরি করে দুই সন্তানকে তালাবদ্ধ করে রেখে প্রতিদিনের মতো তাঁরা পাশের পাহাড়ে কাঠ সংগ্রহ করতে যান। হঠাৎ ঘরে আগুন দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে পানি ও বালু দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় অগ্নিদগ্ধ মো. ইব্রাহিম (৫) ও কহিনুরকে (৩) মৃত অবস্থায় উদ্ধার করা হয়।মৃত শিশু দুটির বাবা সুলতান আহমদ প্রথম আলোকে বলেন, শিশুরা বাইরে খেলাধুলা করতে গিয়ে হারিয়ে যাওয়ার ভয়ে প্রতিদিনের মতো ঘুম পাড়িয়ে তাদের তালাবদ্ধ করে পাহাড়ে কাঠ সংগ্রহ করতে যান। হয়তো শিশুরা ঘরে রক্ষিত থাকা দিয়াশলাই নিয়ে খেলতে গিয়ে আগুনের সূত্রপাতে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের ইনচার্জ মো. কামরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।