কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইরচর গ্রামে এক সংখ্যালঘু বয়োজ্যেষ্ঠ মহিলা আগুনে পুড়ে মারা গেছেন। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকার অদূরে ঘোষনগর এলাকা থেকে সিপন মিয়া নামের এক যুবকের লাশ পাওয়া গেছে।গত বৃহস্পতিবার রাতে ওই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দুটি ঘটে। ওই ঘটনায় পুলিশ তিন ব্যক্তিকে আটক করেছে।বুড়িচং থানার পুলিশ জানায়, কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইরচর গ্রামে বৃহস্পতিবার রাত ১২টায় ধনীবালা রবিদাস (৭০) নামের এক বৃদ্ধার ঘরে পূর্বশত্রুতার জের ধরে কে বা কারা ঘরের বাইরে তালা দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে আগুনে পুড়ে তিনি মারা যান।এদিকে কুমিল্লা সেনানিবাস এলাকার অদূরে বুড়িচং উপজেলার ঘোষনগর মদিনা ফিলিং স্টেশনের পাশের শিমখেত থেকে গতকাল শুক্রবার সকাল ১০টায় সিপন মিয়া (১৮) নামের এক যুবকের লাশ পাওয়া গেছে। তাঁর শরীরে জখমের দাগ রয়েছে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার গোলাম শাহনেওয়াজ বলেন, ‘সিপনকে পিটিয়ে মেরে খেতে ফেলে রাখা হয়েছে। আর ধনীবালা রবিদাস আগুনে পুড়ে মারা গেছেন। আমরা উভয় ঘটনার তদন্ত করে দেখছি। আটক তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’