আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ে মারা গেছেন আছিয়া খাতুন নামের এক বৃদ্ধা (৭৫)। চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

মৃত আছিয়া খাতুন বোয়ালিয়া গ্রামের বরকত আলীর স্ত্রী। এই দম্পতির ছয় কন্যাসন্তান রয়েছে। স্বামী মারা যাওয়ার পর আছিয়া খাতুন তাঁর পঞ্চম কন্যা মোমেনা খাতুনের বাড়িতে থাকতেন। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মোমেনার স্বামী সাফাত আলী জানান, মশার কয়েল থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন প্রথমে কাঁথা ও পরে ঘরে রাখা জ্বালানি কাঠে লেগে যায়। তিনি জানান, তাঁদের শয়নকক্ষের পাশে আরেকটি কক্ষে শাশুড়ি আছিয়া খাতুন থাকতেন। রাতে তাঁরা ঘুমিয়েছিলেন। তাঁর বড় ভাইয়ের স্ত্রী ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে জেগে উঠে দেখতে পান কক্ষটি পুড়ে গেছে।

এদিকে আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল মোমেন। প্রথম আলোকে তিনি বলেন, এটাকে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হলে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।