আগুনে পুড়ে মরল গবাদিপশু
ফরিদপুরের মধুখালী উপজেলায় দুটি গোয়ালঘরে আগুন লেগে ১০টি গরু ও ছাগল পুড়ে মরেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির দাবি, শত্রুতাবশত কেউ গোয়ালঘরে আগুন লাগিয়ে গবাদিপশুগুলো পুড়িয়ে মেরেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বক্সিপুর গ্রামে রণজিৎ দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ওই পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা মৃত রণজিৎ দাসের তিন ছেলের মধ্যে রমেশ দাস গরু ও ছাগল পালন করতেন। ওই দুটি গোয়ালঘরে আগুন লাগায় ৫টি গরু ও ৫টি ছাগল পুড়ে মরেছে। সিমেন্টর খাম্বা ও টিন দিয়ে নির্মিত গোয়ালঘর দুটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া ওই গোয়াল ঘরে রাখা প্রায় ২০ হাজার টাকা মূল্যের ভুসিও পুড়ে গেছে।
রমেশ দাসের ছেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের শিক্ষার্থী স্বপ্নিল দাস জানান, রাত সোয়া একটার দিকে গরু ও ছাগলের ডাকাডাকি শুনে বাড়ির লোকজন ঘরের বাইরে এসে দেখেন দুই গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি বলেন, শর্টসার্কিট বা অন্য কোনো কারণে আগুন ধরলে ঘরের একটি অংশেই ধরার কথা। কিন্তু দুটি ঘরের চরদিকে আগুন ধরায় ধারণা করা হচ্ছে, কেউ শত্রুতা করে ওই ঘর দুটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
স্বপ্নিল দাস বলেন, পরে মধুখালী ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। ততক্ষণে দুটি গোয়ালঘরসহ পাঁচটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে মরে গেছে। এর ফলে তাঁদের আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
খবর পেয়ে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজার রহমান মোল্লা, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোর্শেদ রহমান ওরফে লিমন আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।