আগুনে পুড়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম নগরের পশ্চিম ফিরোজশাহ এলাকার একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানায়, আগুনে মারা যাওয়া মাজহারুল ইসলাম ওরফে রুবেল (২৫) একটি প্রতিষ্ঠানে প্রহরীর কাজ করতেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত জানান, আগুন নেভানোর পর রুবেলের লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছেলেকে হারিয়ে মা মল্লিকা বেগম কাঁদছেন। মাজহারুল ইসলামের বোন আকলিমা বলেন, ‘আমরা সবাই ঘর থেকে বের হতে পারলেও ভাই বের হতে পারেনি। তাকে বের করার চেষ্টা করতে করতে আগুন ভয়াবহ রূপ ধারণ করে।’
পুলিশ জানায়, আগুনে পুড়ে যাওয়া কলোনির মালিক সামশুল আলম। তাঁর সঙ্গে আহমেদ নবী নামের এক ব্যক্তির বিরোধ ছিল। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য আহমেদ নবীকে আটক করেছে পুলিশ।
আকবর শাহ থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, ‘এটি দুর্ঘটনা না নাশকতা, তা নিশ্চিত হতে পারিনি। আটক একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে নয়টি কাঁচা বসতঘর এবং একটি মুদি দোকান পুড়ে যায়। এতে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর চারটা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।