আগুনে পুড়ে শিকলে বাঁধা প্রতিবন্ধী নারীর মৃত্যু
মানসিক প্রতিবন্ধী রূপা খাতুনকে (৩০) প্রায়ই শিকল দিয়ে বেঁধে রাখা হতো। আর এভাবে বেঁধে রাখাই কাল হয়ে দাঁড়ায় তাঁর জন্য। গত শুক্রবার বিকেলে তাঁদের বাড়িতে আগুন লাগলে শিকলে বাঁধা অবস্থায় নিরাপদ স্থানে যেতে পারেননি তিনি। মারাত্মক দগ্ধ হয়ে মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে পাবনার বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লায়।
বাড়ির লোকজন জানান, ছোটবেলা থেকেই রূপা মানসিক প্রতিবন্ধী। একাধিকবার তাঁর হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সুযোগ পেলেই তিনি বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে চলে যেতেন। এ কারণে বাড়ির লোকজন প্রায়ই তাঁর পায়ে লম্বা শিকল লাগিয়ে বেঁধে রাখতেন। রূপা তাঁর বোনের স্বামী মোহাম্মদ আলীর বাড়িতে থাকতেন।
শুক্রবার সকালে মোহাম্মদ আলী পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে যান। এ সময় রূপাকে লম্বা একটি শিকলের সাহায্যে বারান্দার খঁুটির সঙ্গে বেঁধে রাখেন। রূপাকে দেখাশোনার জন্য মোহাম্মদ আলীর বৃদ্ধ বাবা আহাম্মদ আলী বাড়িতে ছিলেন৷ বেলা তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি ঘরে আগুন লাগলে মুহূর্তেই তা আরও দুটি ঘরে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী ও পরে বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির তিনটি ঘর।
এদিকে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই এলাকাবাসী মারাত্মক দগ্ধ অবস্থায় রূপাকে ও সামান্য দগ্ধ আহাম্মদ আলীকে উদ্ধার করেন। রূপাকে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত একটায় তিনি মারা যান।
মোহাম্মদ আলী বলেন, ‘মানসিক প্রতিবন্ধী হলেও রূপাকে আমরা সবাই ভালোবাসতাম। ওর মঙ্গলের জন্যই ওকে বেঁধে রাখা হতো। আগুনে আমাদের সবকিছু গেছে। কিন্তু ওর এমন মৃত্যুকে আমরা কেউই মানতে পারছি না।’