আগুনে পুড়ে শিশুর মৃত্যু বোন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার চকমথুরাবাদ এলাকায় গত মঙ্গলবার রাতে বাড়িতে লাগা আগুনে পুড়ে ছয় বছরের শিশু মিম মারা গেছে। ওই ঘটনায় তার বড় বোন টুম্পা গুরুতর আহত হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে নয়টায় উপজেলার গুটুদিয়া ইউনিয়নের চকমথুরাবাদ গ্রামের দিনমজুর জামাল হোসেনের (৪০) বসতঘরে হঠাৎ আগুন লেগে যায়। তখন তিনি ও তাঁর স্ত্রী আকলিমা বেগম (৩৫) বাড়িতে ছিলেন না। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে ঘরের ভেতর ছিল। ঘরে আগুন দেখে বড় ছেলে ছোট ছেলেকে নিয়ে দ্রুত বের হয়ে যায়। কিন্তু তাদের বোন টুম্পা ও মিম ঘর থেকে বের হতে না পেরে খাটের নিচে আশ্রয় নেয়।ইতিমধ্যে আগুনে ঘরটি ভস্মীভূত হওয়ার পর ওই খাটের তলা থেকে মিমকে মৃত ও টুম্পাকে অচেতন অবস্থায় বের করা হয়। টুম্পাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর থেকে শঙ্কাযুক্ত অবস্থায় তার চিকিৎসা চলছে। ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, জামালের রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত। পরে থাকার ঘরে আগুন ছড়িয়ে পড়লে শিশু মিমের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।