আগুনে পুড়ে স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ে গত রোববার রাতে চতুর্থ শ্রেণির এক ছাত্র মারা গেছে। নিহত ছাত্রের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, শত্রুতামূলকভাবে স্থানীয় লোকজন তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
নিহত ছাত্রের নাম সাব্বির হোসেন ওরফে শান্ত (১১)। সে ভাঙ্গা এক নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা ভাঙ্গা পৌরসভার বাইশাখালী মহল্লার অটোবাইকচালক আমির আলী হোসেন।
আমির আলী বলেন, রোববার রাত একটার দিকে হঠাৎ তাঁরা বাড়ির একটি ঘরে আগুন জ্বলতে দেখেন। ওই ঘরেই নানা আজিজ মিয়ার সঙ্গে সাব্বির ঘুমিয়ে ছিল। এ সময় আজিজ মিয়া ঘর থেকে বের হতে পারলেও সাব্বির বের হতে পারেনি।
আমির আলী অভিযোগ করেন, একটি মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর মতবিরোধ চলছিল।