আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলায় আগুনে পুড়ে ১০ বছরের এক শিশু মারা গেছে। উপজেলার ভাষাণচর ইউনিয়নের শেখ বাজার কান্দি কারিরহাট গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রাব্বি শেখ (১০)। সে ভাষাণচর ইউনিয়নের ৩৩ নম্বর ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

নিহত রাব্বির প্রতিবেশীরা বলেন, তার বাবা ইউনুছ শেখ তিন বছর ধরে অসুস্থ। তিনি কোনো কাজ করতে পারেন না। রাব্বির মা আকলিমা বেগম বাসাবাড়িতে কাজ করেন। রাব্বির বড় দুই ভাই ঢাকায় কাজ করেন। শুক্রবার স্কুল বন্ধ থাকায় রাব্বি সারা দিন এক প্রতিবেশীর পেঁয়াজখেতে কাজ করে। পরে সন্ধ্যায় সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর অসুস্থ স্বামীকে নিয়ে আকলিমা স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁদের ঘরে আগুন লেগে যায়। তখন রাব্বি ঘরে একা ঘুমাচ্ছিল।

এলাকাবাসী বলেন, আগুনে ইউনুছ শেখ, তাঁর দুই ভাই বানেজ শেখ ও আনেস শেখের তিনটি বসতঘর এবং দুটি রান্নাঘর পুড়ে যায়। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান বলেন, তিনি শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ হাজার টাকা দিয়েছেন। এর পাশাপাশি কম্বল, লুঙ্গি, শাড়ি বিতরণ করেছেন।