আগুনে পুড়ে স্বামী-স্ত্রী ও মেয়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দীঘা গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়িতে আগুনে পুড়ে মারা গেছেন একই পরিবারের তিনজন। তারা হলেন বাড়ির মালিক দুরুল সরদার (৩৫), তাঁর স্ত্রী মাকসুদা বেগম (২৮) ও মেয়ে সোনিয়া (৩)। পুলিশ, স্থানীয় লোকজন ও দুরুল সরদারের মা জহুরুন বেওয়ার সঙ্গে কথা বলে জানা যায়, মাটির দেয়ালের দোতলা বাড়ির একটি কক্ষে দুরুল সরদার স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে ছেলে, ছেলের বউ ও নাতনির চিৎকারে ঘুম ভাঙে জহুরুন বেওয়ার। দোতলা কক্ষে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিচের কক্ষে ঘুমিয়ে থাকা মা ও দুরুল সরদারের আট বছরের মেয়ে খাতিজা ওপরে ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়ে গ্রামবাসীকে ডেকে আনেন। গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। প্রায় আড়াই ঘণ্টা পর জেলা সদর থেকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পানির তোড়ে কক্ষের ছাদ ধসে পুড়ে কুঁকড়ে যাওয়া লাশগুলো নিচে পড়ে যায়। মাটির সিঁড়ির এক কোণে পরস্পরকে জড়িয়ে ধরা পুড়ে ঝলসে যাওয়া মা-মেয়ের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। মা-মেয়ের লাশ দুটি আর আলাদা করা যায়নি। দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জহুরুন বেওয়া বিলাপ করে বলছেন, ‘চিৎকার করে ছেলে দোতলা ঘর থেকে বলছে, মা বাঁচাও, বউ বলছে মা বাঁচাও, নাতনি বলছে দাদি বাঁচাও। হায় পোড়া কপাল! হামি কাহুকেই বাঁচাতে পারনু না।’আগুন নেভাতে আসা গ্রামের লোকজন জানান, দোতলা ঘরে আগুন লাগার সময় দোতলায় ওঠার দরজা ও দোতলার দুটি কক্ষের জানালা বন্ধ ছিল। মাকসুদা বেগমের ভাই কাইয়ুম আলী বলেন, ‘আমাদের ধারণা, কেউ এই আগুন লাগিয়েছে। এই ঘটনার তদন্ত চাই।’ গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, দুরুল সরদারের স্ত্রীর আত্মীয়স্বজনের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা হয়েছে।