আগুনে পুড়েছে বনভূমি
চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অগ্নিকাণ্ডে প্রায় ৩২ একর জায়গার গাছগাছালি পুড়ে গেছে। আগুন থেকে রক্ষা পেয়েছে বিমানবাহিনীর একটি টাওয়ার।
গতকাল বৃহস্পতিবার টাওয়ার এলাকা পরিদর্শন করেছেন বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফায়ার সার্ভিস ও বন বিভাগ সূত্র জানায়, গত মঙ্গলবার দিনের কোনো একসময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ইকোপার্কের জমি থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে বিমানবাহিনীর যোগাযোগের টাওয়ার ও আড়াই কিলোমিটার দূরে র্যাবের টাওয়ার। সীতাকুণ্ড ফায়ার স্টেশনের একদল কর্মী তিন দিন ধরে আগুন নেভানোর কাজ করেন। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে আগুন বিমানবাহিনীর টাওয়ারের কাছাকাছি গেলে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দেন বিমানবাহিনীর লোকজন। টাওয়ারের ৫০ মিটার দূরত্বে থাকা অবস্থায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে বিমানবাহিনীর হেলিপ্যাডের চারপাশ পুড়ে যায়।
সূত্র জানায়, অগ্নিকাণ্ডে দুই হাজার একর ইকোপার্কের ৩২ একর বনভূমি পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি বন বিভাগ ও ফায়ার সার্ভিস।
ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডে গাছ তেমন পোড়েনি। আগাছা পুড়েছে। তিনি বলেন, দর্শনার্থীদের ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে তাঁরা ধারণা করছেন।
তবে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশন কর্মকর্তা ফকরুল ইসলাম বলেন, আগুনে অনেক গাছ পুড়ে গেছে। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় পুলিশের অস্থায়ী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, তিন দিন ধরে আগুন জ্বলতে দেখা গেছে।