আগুনে পোড়া এক সন্ত্রস্ত জনপদ

এখন বেশ খানিকটা রাত (শুক্রবার)। চাঁপাইনবাবগঞ্জে কনকনে ঠান্ডা। শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকরি গ্রাম থেকে রাত নয়টার দিকে ফিরে খেয়ে লিখতে বসেছি। চোখের সামনে ভাসছে প্রচণ্ড মনখারাপ করা দৃশ্য। বাচ্চা ছেলের মতো কাঁদছেন আলহাজ আজাহার আলী। বয়স ৬৮ বছর। কাঁদছেন তাঁর স্ত্রী মালতী বেগমও। ছেলের বউ, জোয়ান ছেলে—সবার মধ্যে সংক্রমিত হয়েছে সেই কান্না। ছোট ছোট নাতি-নাতনির মুখ শুকনো। অবাক হয়ে দেখছে বড়দের কান্না।
বাড়ির উঠান ও বারান্দায় দাঁড়িয়ে ছিলেন তাঁরা সবাই। চারপাশে ছত্রখান হয়ে আছে পোড়া আধপোড়া টিভি, ফ্রিজ, খাট, সোফা, স্টিলের আলমারি। ছেলের বউদের গয়নার বাক্স। চকমেলানো পাকা দোতলা বাড়িটির দরজা-জানালা পুড়ে ছাই। উঠানের মাঝখানে একটি কুলগাছ কয়লা হয়ে আছে। দেয়াল থেকে পলেস্তারা, মেঝের টাইলস উঠে গেছে। বেঁকে গেছে ছাদের ফ্যানটি পর্যন্ত।
এই ছাই-কয়লার দিকে তাকিয়ে বৃদ্ধ আজাহার আলী বলছিলেন, ‘পঞ্চাশ বছর নিজের হাতে হাল-লাঙল দিয়ে গেরস্তি করে এইসব করেছি। এখন আবার আগের মতো বদনায় পানি খেতে হচ্ছে। শীতের কাপড় পর্যন্ত নাই। টিনের থালায় ভাত খাচ্ছি। হিসাব মিলাইতে পারছি না।’ চোখ দিয়ে গড়িয়ে নামা পানির ধারা হারিয়ে যাচ্ছিল কাঁচাপাকা দাড়ির ভেতর।
যেন এক দুঃস্বপ্ন। প্রতিদিনের মতোই ১২ ডিসেম্বর রাতেও গভীর ঘুমে ডুবে ছিলেন তাঁরা। রাত প্রায় একটার দিকে ঘুম ভাঙল মুহর্মুহু বোমার শব্দ আর চিৎকার, আর্তনাদে। বিস্ময়ের ঘোর কাটতে না-কাটতেই দেখলেন, আগুনের লেলিহান শিখা ধেয়ে আসছে তাঁর দোতলা বাড়ির চারদিক থেকে। কিছু বুঝে ওঠার আগেই স্ত্রী, তিন ছেলে, তাঁদের স্ত্রী, মেয়ে নাতি-নাতনিদের নিয়ে বাঁচার স্বাভাবিক তাগিদে ঘর থেকে বেরিয়ে এলেন। ছুটলেন দিগিবদিক জ্ঞানশূন্য হয়ে। তাঁদের পেছনে ধাওয়া করছিল কিছু লোক। ছুটতে ছুটতে তাঁরা এসে লুকালেন বেশ খানিকটা দূরে এক জঙ্গলের ভেতরে।
আজাহার আলী বলছিলেন, ‘সেই ’৭১ সালে প্রাণের ভয়ে জঙ্গলে পালিয়ে ছিলাম। আবার ৪৩ বছর পর জঙ্গলে পালাতে হলো।’ পরদিন সকালে এসে বাড়ির যে দৃশ্য দেখতে পেলেন, তার বীভৎসতা হার মানিয়েছে দুঃস্বপ্নকেও।
কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর ১২ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা সদরের তর্ত্তিপুর ও মোবারকপুর ইউনিয়নে প্রায় ২৫টি বাড়ি ও ৩০-৩৫টি দোকান পুড়িয়ে দেয়। তারা সবচেয়ে বেশি নৃশংসতা দেখায় টিকরি গ্রামে। এখানে তারা আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী, এমনকি শুধু নৌকা মার্কায় ভোট দেন এমন সাধারণ লোকের বাড়িতে ও বাজারের দোকানপাট পুড়িয়ে দিয়েছে। আলহাজ আজাহার আলী এমনি একজন আওয়ামী লীগের ভোটার মাত্র।

মোবারকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দিয়ে চলে গেছে উপজেলা সদরে যাওয়ার প্রধান সড়কটি। এর দুই পাশে টিকরি বাজার। পাকা দোকানের সারি। এই গ্রামটিতে আওয়ামী লীগের সমর্থকেরাই সংখ্যায় বেশি। কিন্তু সেই রাতে বেছে বেছে তাঁদের বাড়ি, দোকান আর ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। প্রায় পুরো বাজারটিই তছনছ। পুড়িয়ে দেওয়া প্রায় ৩০টি দোকানের মধ্যে ছিল: সোনার দোকান, কাপড়, কাঁসার বাসন, ইলেকট্রিক ও ইলেকট্রনিক সামগ্রী, সেলুন, বীজ-সার-কীটনাশক ও বেশ কয়েকটি মুদিখানা। ছিল একটি বড় সিমেন্ট রডের গুদাম, তেলের আড়ত।
আগুন দেওয়া হয়েছে গোটা দশেক বাড়িতে। পুড়িয়ে দেওয়া হয়েছে একটি ট্রাক্টর, দুটি ট্রলি, সেচযন্ত্র, একটি মোটরসাইকেল, বেশ কয়েকটি বাইসাইকেল। রেহাই পায়নি গবাদিপশুও। এক বাড়ির পাঁচটি ছাগল জ্যান্ত দগ্ধ হয়েছে। এর মধ্যে একটি ছাগল পেটের তিন বাচ্চাসহ পুড়ে মরেছে।
ঘটনার আট দিনের মাথায় গত শুক্রবার আমরাই প্রথম কোনো সাংবাদিক, যারা গ্রামটি সরেজমিনে দেখে আসতে পেরেছি। টানা অবরোধে এক দিন ‘ছুটি’ থাকায় শুক্রবার রাজশাহী থেকে সকালে রওনা দিয়ে বেলা একটায় চাঁপাইনবাবগঞ্জে পৌঁছাই। খানিক পরেই মোটরসাইকেলে ছুটলাম মোবারকপুরের টিকরি গ্রামে। পিচঢালা কালো মসৃণ সড়কটির মাঝে মাঝে বড় বড় ক্ষতচিহ্ন টায়ারে আগুন ধরানোর প্রমাণ হয়ে আছে। পথের দুই পাশে দিগন্ত ছুঁয়ে থাকা হলুদ সরিষাখেত। তার ভেতর দিয়ে এঁকেবেঁকে বয়ে যাচ্ছে মহানন্দা। নদীর ওপর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। সেটি পার হতেই দুই পাশে মাইলের পর মাইল আম আর লিচুবাগান। স্বপ্নের মতো সুন্দর সেই পথ আমাদের নিয়ে এল টিকরি গ্রামের বিভীষিকাময় দৃশ্যের সামনে।
বাজারের দুই পাশে পোড়া দোকানের সারি। থমথমে পরিবেশ। পল্লি চিকিৎসক রেজাউল করিম বাজারের মধ্যে ঘোরাফেরা করছিলেন। ওই নৃশংস ঘটনার পর প্রায় সবাই একরকম আত্মগোপন করে আছেন। রেজাউল করিমের তিনটি পাকাঘর পুড়ে কালো, দেয়াল ছাড়া আর কিছু নেই।
পাশেই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি তহুর আহমেদের দোতলা বাড়ি। লোহার ফটক। তিনি সপরিবারে আত্মগোপন করে আছেন। বাড়ির দেখভালকারী এখলাসুর রহমান ভেতরে নিয়ে গেলেন। ঘরগুলোর ভেতরে উঁকি দিয়ে ঠিক সাভারের তাজরীন ফ্যাশনসের আগুনে পোড়ার দৃশ্যটি মনে পড়ল। একটি সচ্ছল সাজানো সংসারে যা থাকে, ঘরের ভেতরে তার সব পোড়া, আধপোড়া। নিচতলায় পুড়ে আছে একটি মোটরসাইকেল।
এখলাসুর দেখালেন, নিচের তলায় ঘরের একটি ভারী দরজা ও দেয়ালের একটি বিরাট অংশ ভেঙে ফেলা হয়েছে। এটি বোমা মেরে, নাকি কোনো কিছুর আঘাতে ভাঙা হয়েছে, কারও ধারণা নেই। ওই ভাঙা অংশ দিয়েই ভেতরে ঢুকেছিল হামলাকারীরা। তারপর গান পাউডার ছড়িয়ে আগুন দেওয়া হয়।
হামলাকবলিত প্রতিটি বাড়ির দৃশ্য একই রকম। দোকানগুলোর ভেতরে কিছু নেই। মেঝেতে পড়ে আছে ছাই-কয়লা।
খবর পেয়ে একে একে বেশ কিছু লোক এসে জড়ো হচ্ছিলেন। আতঙ্ক আর সব হারানোর ব্যথায় উদ্ভ্রান্ত মনে হচ্ছিল তাঁদের। ঘন ঘন তাকাচ্ছিলেন ডানে-বাঁয়ে। আবার না কেউ আক্রমণ করে, এমন একটা ভয়। কথা বলছিলেন চাপা স্বরে।
পোড়া বাড়িগুলো দেখে তাঁদের সঙ্গে আমরা বেশ অনেকটা দূরে চারপাশে ঘর, মাঝখানে উঠানের মতো একটা জায়গায় এসেছি। সবার বর্ণনা একই রকম। রাত সাড়ে ১২টা থেকে ঘণ্টা দুয়েক ছিল ত্রাসের রাজত্ব। শিবগঞ্জের জামায়াতের প্রধানসহ শাহাবাজপুর, শ্যামপুর, কানসাট ও দাইপুকুর ইউনিয়নের কয়েক শ ক্যাডার এই হামলা চালায়। তারা বোমা মেরে, আগুন দিয়ে, লুট করে চলে গেছে। গ্রামটির বেশির ভাগ মানুষই ক্ষতিগ্রস্ত।
সেদিন আরও যাঁদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে আছেন সিরাজুল ইসলাম, আলহাজ জাবেদ, শফিকুল ইসলাম, রাবিউল হোসেন, নজরুল ইসলাম, আবদুস সাত্তার। দোকান পুড়েছে ৩০ জনের।
হামলার শিকার এসব লোক থানায় মামলাও করতে যাননি। ভয় পাচ্ছেন, বাড়ি-দোকান গেছে, মামলা করলে এবার প্রাণও যাবে। কেউ এই দুঃসময়ে তাঁদের পাশে এসে দাঁড়াননি। না দলের, না পুলিশের তরফ থেকে।
সবাই অভিযোগ করলেন, ঘটনার পর আট দিন গেছে, কোনো পুলিশ আসেনি। যারা হামলা করেছিল, তাদের অনেকেই প্রকাশ্যে ঘুরছে। হুমকি দিচ্ছে মেরে টুকরো টুকরো করে ফেলার। বলছে, জানাজাও করতে দেওয়া হবে না।
আত্মগোপন থেকে তহুর আহমেদ ফোনে বললেন, পুলিশ এসে যদি মামলা নিয়ে যেত, তবে লোকে মামলা দিতে পারত।
ঘরপোড়া একজন ক্ষিপ্ত হয়ে মন্তব্য করলেন, এত দিন হয়ে গেল, পুলিশের টিকিটিও দেখা যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান টেলিভিশনে খবর দেখছিলেন। সন্ধ্যা উতরে গেছে। আমরা তাঁর অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করলাম। হামলার শিকার টিকরিবাসীর অভিযোগ অস্বীকার করে তিনি বললেন, ‘তিন দিন সেখানে পুলিশ গেছে—১৩, ১৪, ১৫ ডিসেম্বর। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় পুলিশ টহল দিয়ে আসে। লোকজন একেবারেই মিথ্যা কথা বলেছে।’
কিন্তু আমরা তো দুপুরের পর থেকে সন্ধ্যার পরেও খানিকটা সময় সেখানে ছিলাম, কোনো পুলিশ দেখতে পাইনি। পুলিশও কি ভয় পাচ্ছে?
ওসি ধমকের সুরে বললেন, ‘ভয় পাবে কেন? পুলিশ কি আপনার জন্য বসে থাকবে? পুলিশের আরও অনেক কাজ করতে হয়।’
ওসি বললেন, কোনো মামলা হয়নি, তাই কাউকে গ্রেপ্তারও করা হয়নি। মামলা হলে পুলিশ ‘অ্যাকশন’ নেবে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা মামলা না করলে পুলিশ নিজ উদ্যোগে কিছু করবে না। কথা শেষ হলো। ওসি বললেন, ‘বসেন, চা আনাই।’ আমরা বললাম, ‘ধন্যবাদ, উঠি, অনেক দূরে যেতে হবে।’
পরদিন অর্থাৎ গতকাল শনিবার আমরা কথা বলেছি অভিযুক্ত পক্ষের সঙ্গে। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. শাজাহান মিয়া অনেক কথা বলেছেন। তাঁর সারমর্ম হলো, গত পাঁচ বছর আওয়ামী লীগ জেলার বিএনপি-জামায়াতের ওপর হামলা-নির্যাতন চালিয়েছে। বিশেষ করে গত অক্টোবর থেকে পুলিশ ও আওয়ামী লীগের প্রচণ্ড নির্যাতন চলছে। ২ ডিসেম্বরও বিএনপির এক কর্মীকে খুন করা হয়েছে। জেলায় গত ফেব্রুয়ারি থেকে জামায়াতের সাতজন নেতা-কর্মী খুন হয়েছেন (এঁদের অধিকাংশই পুলিশের গুলিতে মারা গেছেন এবং রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক আছে)। টিকরি গ্রামটি আওয়ামী-প্রধান অঞ্চল। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জামায়াতের লোকেরা সেদিন পাল্টা ব্যবস্থা নিয়েছে। সুযোগ বুঝে তারা প্রতিশোধ নিয়েছে। তাদের সঙ্গে বিএনপির কিছু লোক যোগ দিলেও দিতে পারে। তবে বিএনপির লোক বেশি ছিল না।
শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মনিরুল ইসলাম অবশ্য এই হামলায় তাঁদের জড়িত থাকার কথা সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘জামায়াত-শিবিরকে উদ্দেশ্যমূলকভাবে এর সঙ্গে জড়ানো হচ্ছে। এর আগে টিকরি গ্রামে আওয়ামী লীগের লোকজন বিএনপি-সমর্থকদের বাড়িঘরে আগুন দিয়েছিল। এটা তার পাল্টা ঘটনা হতে পারে।’
পুড়ে যাওয়া বাড়িঘরের কিছু ছবি আমরা তুলেছিলাম। ঘটনার এত পরেও যে এমন দৃশ্য সেখানে থাকবে, তা অভাবিত। আগাম প্রস্তুতি না থাকায় ছোট্ট ডিজিটাল ক্যামেরায় বেলা শেষের ম্লান আলোয় আনাড়ি হাতে কিছু ক্লিক করা হয়েছে। পোড়া ঘরবাড়ি, ব্যথাতুর মানুষজনের মুখের আদল ধরা গেল না। তবে আসল ছবি তোলো থাকল স্মৃতিতে, অনেক দিন মর্মপীড়ার কারণ হয়ে থাকবে তা।