আগুনে পোড়া কিশোরীর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে আগুনে পুড়ে ১৪ দিন যন্ত্রণায় ছটফট করে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছে শিল্পী খাতুন (১১)। তবে এখন পর্যন্ত কিশোরীর বাড়ির ঠিকানা খুঁজে পাওয়া যায়নি।গ্রামবাসী সূত্রে জানা গেছে, পূর্বপাড়া গ্রামের দছিজল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২৭) সৌদি আরব থেকে সম্প্রতি দেশে এসে আদম ব্যবসা শুরু করেন। ছয় মাস আগে তিনি শিল্পী খাতুনকে এনে তাঁর বাড়িতে রাখেন। ১৭ জুন সকাল নয়টায় শিল্পী আগুনে পুড়ে যায়। ১৯ জুন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।বাড়ির লোকজন জানায়, শিল্পী তার বাড়ি যেতে চেয়েছিল। দু-এক দিন পর নিয়ে যাব বলায় সে অভিমানে গায়ে আগুন দেয়। কুড়িগ্রাম সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা বলেন, শিল্পী খাতুন (১১), পিতা: শহিদুল ইসলাম, গ্রাম: গাড়িয়াল পাড়া, কুড়িগ্রাম পরিচয়ের আগুনে পোড়া এক কিশোরীকে দুজন লোক ১৮ জুন বিকেলে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের প্রায় ৭০ ভাগ পোড়া ছিল। এ অবস্থায় তাকে এখানে ভর্তি না করে জরুরি বিভাগ থেকে রংপুর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়।জাহাঙ্গীরের প্রতিবেশী মমতাজ, আঙ্গুর ও কালু জানান, মেয়েটির চিৎকার শুনে তাঁরা গিয়ে দেখেন, তার সারা শরীর আগুনে পোড়া। এ বিষয়ে জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।রৌমারী থানার এসআই আবদুল মতিন বলেন, ‘শিল্পী বাড়ি যাওয়ার জন্য নিজের গায়ে আগুন দিয়েছে। তার বাড়ি উলিপুর উপজেলার নারকেলবাড়ী গ্রামে। সে মৃত শহিদুর রহমানের মেয়ে।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, ‘কেউ অভিযোগ করেনি বলে এ ঘটনায় এখনো মামলা হয়নি। সে যে ঠিকানা দিয়েছে, সব ঠিক আছে। আমি এএসপি সার্কেল গোলাম সরোয়ারকে জানিয়েছি। তিনি মেয়ের মায়ের সঙ্গে কথা বলেছেন।’এদিকে কুড়িগ্রাম সদর হাসপাতালের জরুরি বিভাগে দেওয়া ঠিকানা অনুযায়ী, কুড়িগ্রাম শহরের গাড়িয়াল পাড়া গ্রাম এবং পুলিশের কাছে দেওয়া ঠিকানা উলিপুরের নারকেলবাড়ী গ্রামে খোঁজাখুঁজি করে এ নামের কাউকে পাওয়া যায়নি।গতকাল দুপুর ১২টায় মুঠোফোনে এএসপি সার্কেল গোলাম সরোয়ার বলেন, ‘আমি কিছুই জানি না। এখনই ওসিকে জানাচ্ছি। মেয়ের বাড়ি ও মাকে চিনি না।’